বরিশাল মহাসড়কে নিত্যসঙ্গী যানজট আর দুর্ঘটনা

জানুয়ারি ১৩ ২০২৩, ১২:২৮

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পদ্মা সেতু চালুর পর বরিশালের সঙ্গে রাজধানীর সড়কপথে যাতায়াত এখন আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি। যাত্রীর সঙ্গে সঙ্গে বাসের সংখ্যাও বেড়েছে আগের তুলনায় কয়েকগুণ।

অথচ তাল মিলিয়ে বাস টার্মিনালের উন্নয়ন হয়নি। টার্মিনালে জায়গা না পেয়ে মহাসড়কের ওপরই যত্রতত্র যাত্রী নামানো ও তোলার কাজ করছে বাসগুলো।

এতে টার্মিনাল সংলগ্ন এক কিলোমিটার দীর্ঘ পথজুড়ে সৃষ্টি হচ্ছে বিশৃঙ্খলা। আর নগরীজুড়ে যানজট এখন নগরবাসীর নিত্যসঙ্গী। সঙ্গে বাড়তি উপদ্রব হয়ে দাঁড়িয়েছে প্রতিদিনকার ছোট-বড় দুর্ঘটনা।

স্ট্যান্ডের বাইরে জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে বাস থামিয়ে যাত্রী তোলা এবং নামানোই এই ভোগান্তির মূল কারণ বলে মনে করেন নগরবাসী।

নথুল্লাবাদ ও রূপাতলী টার্মিনালে সৃষ্ট বিশৃঙ্খলার কারণে শহরের দুই প্রবেশদ্বারে যে যানজট হয়, তার প্রভাব পড়ে মূল শহরেও।

জানা যায়, ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কের নথুল্লাবাদ এলাকায় অবস্থিত বরিশালের কেন্দ্রীয় বাস টার্মিনাল। ৮০-এর দশকে নতুন বাজার এলাকা থেকে বাস টার্মিনাল স্থানান্তর করা হয় নথুল্লাবাদে।

এখানে দুইশরও বেশি বাস একসঙ্গে রাখার জায়গা রয়েছে। গত ৪০-৪৫ বছর ধরে এ টার্মিনালটিই ব্যবহার হচ্ছিল দূরপাল্লার পরিবহন যাতায়াতের জন্য।

পদ্মা সেতু চালুর পর রাজধানীর সঙ্গে বরিশালের সড়ক যোগাযোগ বৃদ্ধি পেয়েছে বহুগুণ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ বরিশালে যাতায়াত করছেন।

এ ছাড়া দেশের নানা জায়গার মানুষকে বরিশালের ওপর দিয়েই যাতায়াত করতে হয়। ফলে নথুল্লাবাদ ও রূপাতলী বাস টার্মিনাল সংলগ্ন সড়কের ওপর দিন দিন চাপ বাড়ছে। সৃষ্টি হচ্ছে যানজটের।

ঢাকা থেকে কুয়াকাটা যেতে ১১ কিলোমিটার মহাসড়ক অতিক্রম করেছে বরিশাল সিটি করপোরেশনের ওপর দিয়ে। এই সড়কে দূরপাল্লার পরিবহন যেমন চলাচল করে তেমনি জেলা শহরের অভ্যন্তরের ক্ষুদ্র পরিবহনগুলোও চলাচল করে।

পদ্মা সেতু চালু হওয়ার পর সড়কটিতে গাড়ির চাপ বেড়েছে ৪ থেকে ৫ গুণ। অথচ সংকীর্ণ সড়কটি প্রশস্ত করার উদ্যোগ নেওয়া হয়নি এখনও।

যদিও নগরী থেকে যানজট নিরসনে প্রয়াত মেয়র শওকত হোসেন হিরণ প্রথম উদ্যোগ নিয়েছিলেন শহরের বাইরে কাশিপুরে ট্রাক টার্মিনাল স্থাপনের। পরিকল্পনা মন্ত্রণালয়ে এ সংক্রান্ত প্রস্তাবও পাঠান তিনি।

জেলা প্রশাসন কার্যালয় থেকে জানা যায়, কাশিপুরে শহিদ আবদুর রব সেরনিয়াবাত ট্রাক টার্মিনাল স্থাপনের জন্য ২০১৫-১৬ অর্থবছরে ৭ দশমিক ৭৯ একর জমি অধিগ্রহণ করে অবকাঠামোগত উন্নয়ন শুরু করা হয়।

যদিও ট্রাক টার্মিনালের কয়েকটি ভবনের কাজ শুরু হওয়ার পর তা আর এগোয়নি।

এদিকে বাস টার্মিনালে জায়গা না পাওয়ায় বাসগুলোকে রাখতে হচ্ছে এলোমেলোভাবে। কখনো টার্মিনাল সংলগ্ন রাস্তার পাশে আবার কখনো টার্মিনাল ছেড়ে অনেক দূরে মহাসড়কের পাশে।

জায়গা না পেয়ে বাস রাখা হয় টার্মিনাল সংলগ্ন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় ও বিভাগীয় পাসপোর্ট অফিসের সামনের সড়কেও। এতে সংকীর্ণ হয়ে পড়েছে মহাসড়ক।

ঢাকা থেকে নথুল্লাবাদে আসা যাত্রী ঝরণা বেগম বলেন, আমি আমার মেয়েকে নিয়ে এসেছি। কিন্তু গাড়ি স্ট্যান্ডে না গিয়ে রাস্তায় যাত্রী নামিয়েছে। ব্যাগ আর মেয়ে নিয়ে এখন অন্য যানবাহনে উঠা কষ্টসাধ্য।

আরেক যাত্রী মতিন বলেন, স্ট্যান্ডের মধ্যে বাসগুলো যাত্রী তুলতে ও নামাতে পারে। কিন্তু তা না করে সড়কে যাত্রী তোলে, সড়কেই গাড়ি ঘোরায়।

পাশাপাশি বাস দাঁড় করিয়ে ড্রাইভারে-ড্রাইভারে ঝগড়া করে। এসবের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় এসব প্রবণতা আরও বাড়ছে। বাসগুলো এমনভাবে দাঁড়ায়, অন্য গাড়ি যেতে পারে না।

এ বিষয়ে কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস মালিক গ্রুপের সভাপতি গোলাম মাসকে বাবলু বলেন, সড়কের ওপরে যাত্রী উঠানো-নামানো নিয়ে পরিবহন শ্রমিকদের সঙ্গে কয়েক দফায় বৈঠক করেছি।

এভাবে সড়কের ওপর যাত্রী উঠানো-নামানো হলে নগরীতে যানজট তৈরি হয়, এটি আমরা জানি। কিন্তু বাসগুলো যে টার্মিনালে ঢুকে যাত্রী নামাবে সেই জায়গা আমাদের নেই।

নগরীর রূপাতলী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন বলেন, বাস টার্মিনালের ভেতরে সংস্কারকাজ চলায় বাস রাখা যাচ্ছে না। এ জন্য সড়কে বাস দাঁড়াচ্ছে।

নগরজুড়ে যানজটের ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার এসএম তানভীর আরাফাত বলেন, ‘ট্রাফিক বিভাগ চেষ্টা করে কোনো লাভ হবে না।

এর জন্য বাস টার্মিনাল যারা নিয়ন্ত্রণ করেন তাদের এগিয়ে আসতে হবে। এই দুটি বাস টার্মিনালে বাসের বিশৃঙ্খলার কারণে পুরো নগরীতে যানজটের সৃষ্টি হয়। আমাদের দিক থেকে কঠোর পরিশ্রম করি নগরীকে যানজটমুক্ত রাখতে।

আ/ মাহাদী

 

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া