যৌতুকের জন্য নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা
ডিসেম্বর ২৯ ২০২২, ১৯:২৭
নিজস্ব প্রতিবেদক ॥ যৌতুকের জন্য পাষন্ড স্বামী ও তার পরিবারের অব্যাহত নির্যাতন সহ্য করতে না পেরে এক গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ মৃত গৃহবধূর পাষন্ড স্বামীকে গ্রেফতার করেছে। ঘটনাটি জেলার আগৈলঝাড়ায় উপজেলার অশোকসেন গ্রামের।
এজাহারে জানা গেছে, অশোকসেন গ্রামের মধুসুদন হালদারের ছেলে সুব্রত হালদারের সাথে একই উপজেলার বারপাইকা গ্রামের শ্যামল মন্ডলের মেয়ে সুবর্ণা হালদারের দুই বছর পূর্বে সমাজিকভাবে বিয়ে হয়।
তাদের সংসারে চার মাস বয়সের একটি কন্যা সন্তান রয়েছে। শ্যামল মন্ডল অভিযোগ করেন, বিয়েরপর থেকেই যৌতুকের জন্য সুর্বনাকে শারীরিক নির্যাতন করে আসছিলো সুব্রত হালদার।
তারই ধারাবাহিকতায় বুধবার রাতেও অমানুষিক নির্যাতন করা হয়। নির্যাতন সইতে না পেরে ওই রাতেই বাড়ির পাশে গাছের সাথে গলায় রশি দিয়ে সুর্বনা আত্মহত্যা করে। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) মো. মাজাহারুল ইসলাম জানান, এ ঘটনায় মৃত সুবর্ণার বাবা শ্যামল মন্ডল বাদী হয়ে চারজনকে আসামি করে থানায় আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের করেছেন।
মামলার পর পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে সুব্রত হালদারকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতকে ওইদিন বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মামলার এজাহারভূক্ত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে বলেও ওসি উল্লেখ করেন








































