বিসিসির স্ট্রীট লাইন থেকে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মাল‍ামাল জব্দ : ক্ষতিপূরণ চেয়ে চিঠি

ডিসেম্বর ২৯ ২০২২, ১৮:৩৩

নিজস্ব প্রতিবেদক: বরিশাল সিটি কর্পোরেশনের স্ট্রীট লাইন থেকে অবৈধভাবে বৈদ্যুতিক সংযোগের মাধ্যমে আবাসিক ভবন ও ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের জাগুয়ার হাট কালিজিরা বাজার এলাকায় অবৈধভাবে বৈদ্যুতিক সংযোগের মালামাল জব্দের পাশপাশি ক্ষতিপূরণ বাবদ ০৫ লাখ টাকা চেয়ে এক ব্যক্তিকে চিঠি প্রদান করা হয়েছে।

চিঠিতে ক্ষতিপূরনের অর্থ জমা প্রদানে ব্যর্থ হলে আইনানুগ ব্যবস্থা গ্রহনের কথা বলা হয়েছে। বিসিসির প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস জানান, কর্পোরেশনের বৈদ্যুতিক শাখা থেকে অবৈধ বৈদ্যুতিক সংযোগের বিষয়ে বুধবার রাতে নগরীর জাগুয়ার হাট কালিজিরা বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এসময় ওই এলাকার জনৈক মো: মোনাব্বুর হোসাইন খাঁনের আবাসিক ভবন খাঁন টাওয়ার এবং ব্যবসা প্রতিষ্ঠান খাঁন ব্রাদার্সে বরিশাল সিটি কর্পোরেশনের স্ট্রীট লাইন থেকে অবৈধভাবে বৈদ্যুতিক সংযোগের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহারের বিষয়টি পরিলক্ষিত হয়। এসময় আভিযানিক টিম অবৈধভাবে বৈদ্যুতিক সংযোগের মালামাল জব্দ করে।

এব্যাপারে  বৃহস্পতিবার বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা স্বাক্ষরিত এক পত্র অভিযুক্ত মো: মোনাব্বুর হোসাইন খাঁনের কাছে পাঠানো হয়।

পত্রে উল্লেখ করা হয়, কর্পোরেশনের স্ট্রীট লাইন থেকে অবৈধভাবে বৈদ্যুতিক সংযোগের মাধ্যমে আবাসিক ভবন ও ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহারের ফলে কর্পোরেশনের পাঁচ লাখ টাকার আর্থিক ক্ষতি সাধিত হয়। এ অবস্থায় অভিযুক্তকে ক্ষতিপূরণের অর্থ কর্পোরেশনের তহবিলে জমা দিতে বলা হয়েছে।

ব্যর্থতায় এব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। বিসিসির প্রশাসনিক কর্মকর্তা অবৈধ সংযোগের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহার না করার জন্য সকলের প্রতি আহবান জানিয়ে বলেন, অবৈধ বিদ্যুৎ ব্যবহারকারীদের বিরুদ্ধে কর্পোরেশনের চলমান অভিযান আরো জোরদার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও