মির্জাগঞ্জে বন্ধ থাকা ব্রিজের নির্মাণ কাজ শুরু

ডিসেম্বর ২০ ২০২২, ২১:২০

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি ‍॥ পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় এলজিইডি আইবিআরপি প্রকল্পের আওতায় তালতলী খালের উপর আয়রন ব্রিজের কাজ অনিয়মের অভিযোগে বন্ধ থাকার ১৫ দিন পরে মঙ্গলবার পুনঃরায় কাজ শুরু করা হয়েছে। এতে কাজ বন্ধ থাকায় জনদুর্ভোগে পড়ে স্থানীয় কয়েকটি গ্রামের মানুষ।

উপজেলা এলজিইডি বিভাগকে ম্যানেজ করে আয়রন ব্রিজে পুরাতন লোহা ও নিম্নমানের মালামাল দিয়ে কাজ করায় এলাকাবাসীর অভিযোগে কাজ বন্ধ করা হয়েছিল। উপজেলা এলজিইডি বিভাগের অবহেলায় জনগুরুত্বপূর্ণ এ উন্নয়নমূলক কাজে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।

সূত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় গ্রামীণ জনপদের ব্রিজ, কালভার্ট-সেতু মেরামত ও উন্নয়ন (আইবিআরপি) প্রকল্পের উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের গোলদার বড়ি ভায়া নুরিয়া মাদ্রাসা হয়ে রাজ্জাক মোল্লা বাড়ির সড়কের আনসার চেয়ারম্যান বাড়ির সামনে তালতলী খালের উপর আয়রন নির্মাণ কাজ গত নভেম্বর মাসে কাজ শুরু হয়। ২০২১-২২ অর্থ বছরে শুরু হওয়া ৭৯ লক্ষ টাকার এ কাজটি পান মেসার্স মহিউদ্দিন এন্টারপ্রাইজ।

অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মো. সুলতান হোসেন বলেন, কাজের শুরুতে ব্রিজে পুরাতন মালামাল দিয়ে কাজ করায় এলাকাবাসীর অভিযোগে নির্মাণ কাজ বন্ধ করে উপজেলা এলজিইডি বিভাগ। লোহার ভীম ও এঙ্গেল বসানোর পরে আয়রন ব্রিজ দৃশ্যমান হলে ব্রিজে পুরাতন মালামাল দিয়ে কাজ করা হয়েছে দেখেন এলাকাবাসী। পরে স্থানীয়রা বাসিন্দারা বিষয়টি পটুয়াখালী জেলা প্রকৌশলীকে অবহিত করলে কাজ বন্ধ রাখা হয়। গত দুই সপ্তাহ ধরে ব্রিজের কাজ বন্ধ রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মো. আল মামুন জানান, ব্রিজ নির্মাণের শুরুতে পুরাতন মালামাল দিয়ে কাজ করে ঠিকাদারী প্রতিষ্ঠান। পরে পটুয়াখালী জেলা প্রকৌশলীকে অবহিত করলে তিনি কাজ বন্ধ করার নির্দেশ দেন। ঠিকাদার পুরাতন মালামাল সরিয়ে নিয়ে নতুন কিছু মালামাল আনে এবং কাজ শুরু করেন। তবে পুরাতন মালামাল দিয়ে কাজ করলে আবারও এলজিইডি বিভাগকে অবহিত করার পর নির্মাণ কাজ বন্ধ করা হবে বলে ঠিকাদারের লোকজনকে বলা হয়েছে। উপজেলা এলজিইডি বিভাগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ চালিয়ে যান। এলজিইডি বিভাগ সঠিক ভাবে তদারকি না করার কারণে এ অনিয়ম হচ্ছে।

এ ব্যাপারে ঠিকাদারের প্রতিনিধি মোঃ খবির সিকদারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

প্রকল্পের দায়িত্বে থাকা উপ-সহকারী প্রকৌশলী মোঃ ওহিদুর রহমান জানান, ব্রিজের কিছু মালামাল আনা নেই, তাই কাজ বন্ধ রয়েছে। তবে কোন অনিয়ম হয়নি।

উপজেলা প্রকৌশলী মোঃ আশিকুর রহমান জসিম জানান, আয়রন ব্রিজের কাজ বন্ধ রয়েছে। তবে ভীম ও এঙ্গেল কাঁচা লোহা দিয়ে তৈরি করা হয়েছে বিধায় সেগুলো পুরাতন দেখায়। তবে কাজ ঠিক ভাবেই চলছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও