নেছারাবাদে সেনাবাহিনীর অভিযানে ৪ চাঁদাবাজ গ্রেপ্তার

নভেম্বর ০১ ২০২৪, ১৮:০৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় সেনাবাহিনী অভিযান চালিয়ে চার চাঁদাবাজকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যার পরে উপজেলার মাগুরা বাজারে স্বরূপকাঠি-বরিশাল সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন – উপজেলার ছারছীনা গ্রামের আব্দুল হাকিমের ছেলে মো. লোকমান, একই গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মো. মনিরুল ইসলাম, মো. সিদ্দিকুর রহমানের ছেলে মো. ফরিদ হোসেন, জগৎপট্টি গ্রামের আব্দুল আউয়ালের ছেলে মো. ইব্রাহিম।

নেছারাবাদ সেনাক্যাম্প সূত্রে জানা গেছে, বাংলাদেশ সেনাবাহিনী উপজেলায় নিয়মিত টহল অভিযানে নামে। এ সময় উপজেলার মাগুরা বাজারে ওই চার ব্যক্তি স্বরূপকাঠি-বরিশাল মহাসড়ক থেকে চলাচলরত বিভিন্ন যানবাহন থেকে চাঁদা তুলছিল।

সেনাবাহিনী নগদ আট হাজার ৪৫০ টাকাসহ চাঁদা আদায়ের রশিদ জব্দ করে তাদেরকে গ্রেফতার করে। পরে গ্রেফতার ব্যক্তিদের নেছারাবাদ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমীন জানান, সেনাবাহিনীর হাতে গ্রেফতার ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে শুক্রবার পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও