নাজিরপুর বাসচাপায় যুবলীগ কর্মী নিহত

মে ১৭ ২০২৪, ১৫:৫৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পিরোজপুরের নাজিরপুর উপজেলার রুহিতলা বুনিয়া এলাকায় বাসচাপায় পরিতোষ রায় (৫০) নামে যুবলীগের এক কর্মী নিহত হয়েছেন। শুক্রবার (১৭ মে) দুপুরে পিরোজপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত পরিতোষ রায় একই উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বানিয়ারী গ্রামের বাসিন্দা।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৮ মে) পিরোজপুরে জেলা যুবলীগের সম্মেলন উপলক্ষে নাজিরপুর উপজেলা যুবলীগের নেতাদের সঙ্গে যোগাযোগ করতে ভ্যানে করে নাজিরপুরে যাচ্ছিলেন পরিতোষ রায়। এ সময় রুহিতলা বুনিয়া এলাকার লোকমান হাকিমের ঘের সংলগ্ন স্থানে এলে ঢাকা থেকে আসা পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি বাস তাকে বহন করা ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গেলে বাসচাপায় গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শিপন পাল বলেন, পরিতোষ রায়কে মৃত্যু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম হাওলাদার বলেন, পরিতোষ রায়কে চাপা দেওয়া বাসটিকে জব্দ করলেও চালক পলাতক রয়েছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নাজিরপুর উপজেলা যুবলীগের সভাপতি এম খোকন কাজী নিহত পরিতোষ রায় যুবলীগ কর্মী বলে নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও