পিরোজপুরে ইঁদুরের ফাঁদে কৃষকের মৃত্যু
মার্চ ০৪ ২০২৪, ১৬:৪৫
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পিরোজপুরের সদর উপজেলায় ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে পিরোজপুর সদর উপজেলার কদমতলায় এ দুর্ঘটনা ঘটে। কৃষক হবি শেখ (৫২) সদর উপজেলার পশ্চিম কদমতলার সৈয়দ শেখের ছেলে।
হবি শেখের ভাগিনা নাসির হাওলাদার জানান, তার মামা প্রতিদিনের মতো জমিতে পানি দেয়ার জন্য সোমবার খুব ভোরে ঘর থেকে বের হন। পরে অনেক সময় হলেও ফিরে না এলে পরিবারের লোকজন খুঁজতে গিয়ে দেখতে পায় যে তাদের প্রতিবেশী কৃষক বেলায়েত শেখের জমিতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন এবং তার মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
অবৈধ্যভাবে এ বিদ্যুৎ ফাঁদ দেয়ার কারণে কৃষক হবি শেখের মৃত্যু হয়েছে বলে দাবি তার পরিবারের সদস্যদের। পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) মো: জুলফিকার আলী জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।








































