পিরোজপুরে বাকপ্রতিবন্ধীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ৩
জানুয়ারি ২৮ ২০২৪, ১৩:১৬
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার কামারকাঠিতে মুক্তিযোদ্ধা বাবার বীর নিবাসে এক বাকপ্রতিবন্ধির স্ত্রীকে ধরে নিয়ে গণধর্ষণের অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) সকালে আসামি তিনজনকে গ্রেফতার করে পিরোজপুর আদালতে প্রেরণ করে পুলিশ। এর আগে শুক্রবার রাতে উপজেলার জলাবাড়ী ইউনিয়ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন কামারকাঠি গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সত্তারের ছেলে মো: আনোয়ার হোসেন, প্রতিবেশী মো: রাকিব হোসেন (২৩) ও মো: ইউনুস মিয়া (৩৫)। ধর্ষণের শিকার নারীবাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন। গত ২৫ ডিসেম্বর সন্ধ্যার পরে ওই ধর্ষণের ঘটনা ঘটেছে। ঘটনার একমাস পরে থানায় মামলার বিষয়ে পুলিশ বলেছেন, তখন কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেয়ে তদন্ত সাপেক্ষে মামলা নেয়া হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গৃহবধূর স্বামী একজন বাকপ্রতিবন্ধি। তার স্বামী আসামি রাকিবের ট্রলারে থেকে নদীতে মাছ ধরত। এ কারণে রাকিবের সাথে তাদের পারিবারিক সম্পর্ক ছিল। আসামি আনোয়ার হোসেন বিভিন্ন সময় রাস্তা-ঘাটে নুপুরকে কু-প্রস্তাব দিত।
ঘটনার দিন সন্ধ্যার পরে রাকিব ওই গৃহবধূকে ফোন করে তাদের বাড়ির জনৈক ইব্রাহিমের বসতঘরের পেছনে আসতে বলে। রাকিবের কথায় গৃহবধূ সেখানে গেলে আনোয়ার, ইউনুছ এসে রাকিবের পাশ থেকে আনোয়ার তার মুখ চেপে মুক্তিযোদ্ধা বাবার নির্মাণাধীন বীর নিবাসে ধরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এভাবে আনোয়ারের পর রাকিব পালাক্রমে ধর্ষণ করে।
এ সময় বাহির থেকে ইউনুস ঘরের দরজা বন্ধ করে পাহারা দেয়। ধর্ষণ শেষে কাউকে এ ঘটনা না বলার জন্য হুমকি দিয়ে যায়। ভুক্তভোগী গৃহবধূর অভিযোগ ঘটনার পর তিনি বিষয়টি তার ননদ জামাই রুবেল হোসনকে জানিয়ে ছিলেন। রুবেল বিষয়টি সমাধানের কথা বলে কালক্ষেপন করেছেন। পরে বিষয়টি তিনি গ্রামের ইউপি সদস্য মো: নুরুল আমীনকে জানান। একপর্যায়ে কোনো বিচার না পেয়ে থানায় মামলাটি করেছেন।
এলাকার ইউপি সদস্য নুরুল আমীন জানান, ওই ভুক্তভোগী নারী আমার কাছে এসেছিল। আমি তাকে থানায় যাওয়ার জন্য পরামর্শ দিয়েছিলাম। তখন থানায় নাকি অভিযোগ দিয়েছিল। এমনকি অভিযুক্তরা একটা মিমাংসার জন্য আমার কাছে এসেছিল। ধর্ষণের বিষয় বলে আমি একা কোনো সমাধানে সাহস পাইনি। মামলার তদন্ত কর্মকর্তা নেছারাবাদ থানার ওসি (তদন্ত) এইচ এম শাহিন জানান, অভিযোগ পেয়ে শুক্রবার রাতে মামলা হয়েছে। আসামিদের গ্রেফতার করে শনিবার সকালে পিরোপুর আদালতে প্রেরণ করা হয়েছে।








































