পাটুরিয়ায় নিখাঁজ ইঞ্জিনচালক হুমায়ুনের লাশ ভাণ্ডারিয়ায় দাফন

জানুয়ারি ২৩ ২০২৪, ১৯:৪৭

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া ঘাটের কাছে পদ্মায় পণ্যবাহী রজনীগন্ধা ফেরিডুবির ঘটনায় নিখাঁজ ফেরিটির সহকারী ইঞ্জিন চালক মো: হুমায়ুন কবিরের (৩৯) লাশ দাফন করা হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ৯টায় পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার মাটিভাঙ্গা গ্রামের পূর্ব মাটিভাঙ্গা মোন্তাজিয়া দাখিল মাদরাসা মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে বাবা মায়ের কবরের পাশে হুমায়ুন কবিরের লাশ দাফন করা হয়।

হুমায়ুন কবিরের ছোট ভাই রফিকুল ইসলাম শাওন জানান, সোমবার বিকেল ৪টার দিকে পাটুরিয়া ফেরিঘাট থেকে প্রায় ১৩ কিলোমিটার ভাটিতে হরিরামপুর উপজেলার বাহাদুরপুর এলাকায় পদ্মা নদী থেকে আমার ভাই হুমায়ুন কবিরের লাশ উদ্ধার করা হয়। এরপর লাশ বাড়ি এনে বাবা মায়ের কবরের পাশে দাফন করা হয়েছে।

এ ঘটনার পর মঙ্গলবার দুপুরে ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াছিন আরাফাত নিহতের স্বজনদের জন্য দুই বস্তা চাল, কিছু শুকনো খাবার ও ফল নিয়ে সমবেদনা জানাতে আসেন। এ সময় ইউএনও নিহতের পরিবারকে ভবিষ্যতে সহায়তার আশ্বাস দেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাত ১২টার পর রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্ত থেকে পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে আসে ইউটিলিটি (ছোট) ফেরি রজনীগন্ধা। ফেরিটিতে নয়টি মালবাহী যানবাহন ছিল। রাত দেড়টার দিকে ঘন কুয়াশার কারণে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের অদূরে পদ্মা নদীতে আটকা পড়ে ফেরিটি। পরের দিন সকাল ৮টার দিকে ফেরিটি ডুবে যেতে থাকে। উদ্ধারকারী দলের সদস্যরা ২০ জনকে উদ্ধার করেন। এ ঘটনায় নিখোঁজ ছিলেন হুমায়ুন কবির।

 

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও