মঠবাড়িয়া ইউএনও’র পৌর প্রশাসকের দায়িত্বভার গ্রহন
নভেম্বর ২২ ২০২৩, ১৮:৫৯
মঠবাড়িয়া প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহন করলেন ইউএনও আবদুল কাইয়ূম। বুধবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় পৌরসভার কার্যালয় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে সদ্য বিদায়ী পৌর প্রশাসক ও আঃলীগ নেতা আরিফউল হক এর কাছ থেকে এ দায়িত্বভার গ্রহন করেন।এ উপলক্ষে পৌরসভার সভাকক্ষে সদ্য বিদায়ী ও নবাগত পৌর প্রশাসকের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন,নবাগত পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল কাইয়ূম,বিদায়ী প্রশাসক আওয়ামী লীগ নেতা আরিফ-উল হক,পৌর নির্বাহী কর্মকতা হারুন অর রশিদ প্রমুখ।এর আগে নবাগত পৌর প্রশাসক এর সাথে পৌরসভার কর্মকতা – কর্মচারীগনের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা সরকারি কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন,পৌর কমিউনিটির নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন। নবাগত পৌর প্রশাসক আবদুল কাইয়ূম পৌর আইনের বিধি বিধান অনুযায়ী নাগরিক সেবা নিশ্চিত করতে পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা -কর্মচারীর সহ পৌর নাগরিকদের সহযোগিতা কামনা করেছেন।
উল্লেখ্য, গত ১৪ নভেম্বর স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ পৌর-১ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করে ৩৫ তম (বিসিএস)প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম কে পৌরসভার প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
মঠবাড়িয়া পৌরসভার পরিষদের মেয়াদ উত্তীর্ণ হওয়ায়,উক্ত পৌরসভার কার্যাবলী সম্পাদনের উদ্দেশ্যে স্থানীয় সরকার (পৌরসভার) আইন,২০০৯ এর ধারা ৪২ এর সংশোধনক্রমে স্থানীয় সরকার (পৌরসভা) সংশোধন আইন,২০২২ এর ধারা ৯(১)অনুযায়ী রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব আব্দুর রহমান স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন জারি করা হয়। হ প্রজ্ঞাপনে আরো জানানো হয়,স্থানীয় সরকার (পৌরসভা) ২০০৯ ও সংশ্লিষ্ট বিধি বিধান অনুযায়ী নিয়োগকৃত প্রশাসক উক্ত পৌরসভার সার্বিক দায়িত্ব পালন ও কর্মকান্ড পরিচালনা করবেন।








































