মঠবাড়িয়ায় ধানক্ষেতে ইদুর মারার বৈদ্যুতিক ফাঁদে শিশুর মৃত্যু
নভেম্বর ১১ ২০২৩, ১৯:৩০
মঠবাড়িয়া প্রতিনিধি ॥ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায ধানক্ষেতে ইদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোলায়মান নামে এক শিশুর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় ২জনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) আসামিরা আদালতে আত্মসমর্পণ করলে মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ কামরুল আজাদ তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে যাওয়া ২ আসামি হলো-বেতমোর ইউনিয়নের পশ্চিম মিঠাখালী গ্রামের হেমায়েত পহলান এবং আরেকজন হেমায়েত হাওলাদারের ছেলে ইউসুফ পহলান।
গত ৩১ অক্টোবর আসামিরা তাদের বন্ধকি জমিতে চাষাবাদ করা ধানক্ষেতে রাতের আধারে সকলের অগোচরে ইদুর মারার জন্য চিকন জিআই তারের সাথে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখে।এতে শিশু সোলায়মান (৫) দাদা বাড়ি থেকে মা ও চাচির সাথে তাদের নতুন বাড়িতে আসার পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়।স্থানীয়রা ডাক চিৎকার শুনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে শিশুটিকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। এ ঘটনায় ১ নভেম্বর শিশু সোলায়মানের চাচা মোঃ জহুরুল হক বাদি হয়ে মঠবাড়িয়া থানায় ৩০৪/৩৪ ধারায় একটি মামলা দায়ের করেন।








































