৪ মাস পানিবন্দি আজাহার আলী দাখিল মাদরাসা
অক্টোবর ১০ ২০২৩, ১৮:৪৫
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা চার মাস পানিবন্দি হয়ে রয়েছে আজাহার আলী দাখিল মাদরাসাটি। বৃষ্টি হলেই পানিতে শ্রেণিকক্ষের মেঝে তলিয়ে যায়। ফলে পাঠদানে বিঘ্ন ঘটে। বদ্ধ পানিতে কিলবিল করছে মশার লাভা। মশার কামড়ে অতিষ্ট শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানের পক্ষ থেকে পানি নিষ্কাশনের জন্য বারবার চেষ্টা করেও কোনো সুরাহা হয়নি।
সরজমিনে দেখা গেছে, ইন্দুরকানী উপজেলার ৫ নম্বর চন্ডিপুর ইউনিয়নের উত্তর কলারণ গ্রামে উত্তর পশ্চিম কলারণ আজাহার আলী দাখিল মাদরাসাটি অবস্থিত। মাদরাসার চার তলা ভবনের কাজ চলমান থাকায় পাশের টিনশেডের কাচা ঘরে স্যাতস্যাতে পরিবেশে ক্লাস চলছে। সামনে পুরো মাঠ হাটু পানিতে তলিয়ে আছে। পানির রঙ গাব ভেজানো পানির মতো কালো রঙের।
প্রতিষ্ঠান প্রধান জানান, চার মাস ধরে মাদরাসার মাঠ পানিতে তলিয়ে আছে। আগে পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকলেও এই জমির মালিক নিজেদের প্রয়োজনে তা আটকে রাখায় পানি নামানো যাচ্ছে না। পানি নিষ্কাশনের জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের সহায়তায় বারবার চেষ্টা করেও কোনো সুরাহা না হওয়ায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করা হয়।
তিনি সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যান মহোদয়কে বিষয়টি দেখতে বলেন। চেয়ারম্যানের নির্দেশে স্থানীয় ইউপি সদস্য পানি নিষ্কাশনের ব্যবস্থা করলেও এক দিন আগেই তা আবার আটকে দেয়া হয়। গত সপ্তাহের বৃষ্টিতে মাদরাসার মাঠ ছাপিয়ে শ্রেণিকক্ষেও পানি উঠে যায়। মাদরাসার সুপার মাওলানা আব্দুস সালাম জানান, চার মাস ধরে মাদরাসার মাঠ পানিতে তলিয়ে আছে। জরুরী ভিত্তিতে পানি নিষ্কাশন ও মাদরাসার মাঠ বালু ভরাট দিয়ে উচু করা প্রয়োজন।








































