মঠবাড়িয়ায় দুর্ধর্ষ ডাকাতি, গৃহকর্তাকে কুপিয়ে আহত
জুন ১৮ ২০২৩, ১৩:৪৫
মজিবর রহমান,মঠবাড়িয়া প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে।শনিবার (১৭ জুন) দিবাগত রাতে উপজেলার ছোট-শৌলা গ্রামে এ ডাকাতি সংগঠিত হয়।
ডাকাত দলের উপর্যুপরি চাপাতির কোপে গৃহকর্তা ও ব্যবসায়ি আনোয়ার হোসেন (৪৫) গুরুতর আহত হন।গ্রামবাসীরা গভীর রাতে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত আনোয়ার হোসেন জানান,তিনি চট্টগ্রামে কাঁচামালের ব্যবসা করেন। কোরবানী উপলক্ষে ও ২০ জুন মঠবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে একটি ফৌজদারী মামলার হাজিরা দিতে তিনি বাড়িতে আসেন।
শনিবার দিবাগত রাতে ঘরের সিদ কেটে ৭/৮ জনের একটি সশস্ত্র ডাকাত দল ঘরের ভিতরে প্রবেশ করে ব্যবসায়ী আনোয়ার হোসেন ও তার স্ত্রী রেনু বেগমকে অস্ত্রের মুখে জিম্মি করে গামছা দিয়ে চোখ বেঁধে ঘরে রক্ষিত কোরবানি পশু কেনার ৯৬ হাজার টাকা,গৃহবধুর গলার চেইন ও কানের ঝুমকা লুণ্ঠন করে।
এ সময় ব্যবসায়ী আনোয়ার হোসেন ডাক চিৎকার করলে তাকে চাপাতি দিয়ে হাতে ও মাথায় উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করে।
মঠবাড়িয়া থানা অফিসার ইন চার্জ (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার জানান, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে।








































