কুকুরের সাঁতার প্রতিযোগিতায় বিড়াল চ্যাম্পিয়ন
জানুয়ারি ০১ ২০২৩, ১২:৩২
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: মজা করতেই কুকুরের সাঁতার প্রতিযোগিতায় ছেড়ে দেওয়া হয়েছিল একটি বিড়াল।
সবাইকে চমকে দিয়ে সেই বিড়ালই হয়ে গেল জয়ী। তবে বিষয়টি ভালো লাগেনি এ প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নেওয়া একটি কুকুর প্রশিক্ষকের।
তাই তিনি ওই বিড়াল এবং তার মালিককে ভয় দেখানোর পাশাপাশি হুমকি দেন হত্যার। সাঁতার প্রতিযোগিতাটি হয়েছে অস্ট্রেলিয়ার স্কটল্যান্ড আইল্যান্ডে।
গাস নামের বিড়ালটিকে কুকুরদের এ প্রতিযোগিতায় মজা করার জন্যই নামিয়েছিলেন মালিক গ্লেন ড্রুরি; কিন্তু সাঁতারে পটু গাস ৫৫০ মিটারের এ প্রতিযোগিতা অনায়াসে জিতে যায়।
আর তাতেই তেলেবেগুনে জ্বলে উঠে কুকুরের এক প্রশিক্ষক বিড়াল ও তার মালিক ড্রুরিকে হুমকি দেন।
ড্রুরি বলেন, ওই ব্যক্তি হুমকি দিয়ে আমাদের বলেছেন, যদি আমাদের তার চোখের সামনে আর দেখেন, তবে বিড়ালকে করবেন গুলি এবং আমাকে দেবেন পিটুনি।
তবে শুধু মজা করার জন্যই ওই প্রতিযোগিতায় বিড়ালটিকে নামিয়েছিলেন বলে জানান ড্রুরি। তিনি বলেন, বিড়ালটির বয়স যখন ১১ সপ্তাহ তখন থেকেই সে আমার সঙ্গে সাঁতার কাটত ও কায়াকে যেত।
আমরা তাকে আমাদের জীবনযাপনের অংশ বানিয়ে নিয়েছি। তাই শুধু মজা করতেই ওই প্রতিযোগিতায় তাকে নামিয়েছিলাম; কিন্তু দেখা গেল সে তার ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করে বসে আছে।
সূত্র: ডেইলিস্টারইউকে








































