বরিশালে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝটিকা মিছিল
নভেম্বর ০৮ ২০২৬, ১৯:৪০
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল নগরীতে ঝটিকা আনন্দ মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।
রবিবার (৮ নভেম্বর) দুপুরে নগরীর সদর রোড থেকে বের হওয়া মিছিলে নেতৃত্ব দেন বরিশাল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাক।
মিছিলটি বিভিন্ন স্লোগানে সদর রোড মুখরিত করে অংশগ্রহণকারীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
মিছিলের সামনের ব্যানারে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এবং যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের ছবি ছিল।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মিছিলে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেন। তবে মিছিলটি বেশিক্ষণ স্থায়ী হয়নি।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, হঠাৎ করে একটি ঝটিকা মিছিল বের হওয়ার খবর পেয়েছেন তারা। পুলিশ মাঠে রয়েছে। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্তের চেষ্টা চলছে।









































