মান্তা জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা বিষয়ে সংলাপ
অক্টোবর ২৮ ২০২৬, ১৪:৪০
বরিশাল : সুবিধাবঞ্চিত মান্তা জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার লক্ষ্যে বরিশালে একটি বিশেষ পলিসি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ‘মান্তাদেরকে মানতে হবে, মূলধারায় আনতে হবে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা আভাসের আয়োজনে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের ভাঙ্গারপাড় নামক স্থানে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুসরাত নওরীণ। আরো উপস্থিত ছিলেন চরবাড়িয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ওহিদুর আলম সহ অনন্যরা।
এসময় প্রধান অতিথি বলেন, সমাজের কোনো জনগোষ্ঠীকে উন্নয়নের বাইরে রেখে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন সম্ভব নয়। মান্তা জনগোষ্ঠীকে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং আর্থিক সেবার আওতায় এনে মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছেন সরকার, স্থানীয় প্রশাসন ও উন্নয়ন সহযোগীদের সমন্বিতভাবে কাজ করতে হবে। সংলাপে মান্তা সম্প্রদায়ের প্রতিনিধিরা তাদের দীর্ঘদিনের বঞ্চনা, পরিচয় সংকট এবং বাস্তব সমস্যার চিত্র তুলে ধরেন।
তারা জানান, স্থায়ী বাসস্থানের অভাব, শিশুদের শিক্ষার সীমিত সুযোগ, আধুনিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হওয়া এবং আর্থিক সেবায় প্রবেশাধিকারের নানা প্রতিবন্ধকতা তাদের উন্নয়নের পথে বড় বাধা হয়ে রয়েছে। এসব সমস্যা সমাধানে দ্রুত ও কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান তারা। বক্তারা বলেন, মান্তা জনগোষ্ঠীকে সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে শিক্ষা, স্বাস্থ্য, নিরাপদ আবাসন, দক্ষতা উন্নয়ন এবং ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার পাশাপাশি তাদের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় দীর্ঘমেয়াদি ও সমন্বিত নীতিমালা বাস্তবায়ন জরুরি। একই সঙ্গে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।
সংলাপে বিভিন্ন সরকারি-বেসরকারী দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং মান্তা সম্প্রদায়ের স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন। অংশগ্রহণকারীরা মান্তা জনগোষ্ঠীর টেকসই উন্নয়ন, সামাজিক অন্তর্ভুক্তি এবং জীবনমান উন্নয়নে পারস্পরিক সহযোগিতা ও কার্যকর সমন্বয়ের আহ্বান জানান।
আলোচনার মূল বিষয়সমূহ ছিলেন
* পানি ও স্যানিটেশন ব্যবস্থার বর্তমান বাস্তবতা: বর্তমানে তারা কোন জায়গা থেকে খাবার পানি সংগ্রহ করেন এবং স্যানিটেশন (ল্যাট্রিন) এর ব্যবহার কিভাবে হয়?
* সমস্যা মোকাবেলা: সাধারণত তারা কি ধরণের সমস্যা মোকাবেলা করে থাকেন?
* বাসস্থান: তারা কি কোন নির্দিষ্ট স্থানে বাস করেন এবং কোথায়?
* সরকারি সেবা/সুবিধা: তারা কোন সরকারি সেবা/সুবিধা পায় কি না? সেবা পেয়ে থাকলে কি ধরণের সেবা পায়?
* গণমাধ্যমকে সম্পৃক্ত করা: গণমাধ্যম কর্মীদের নিয়ে যাওয়া এবং ভিডিও ধারণ ও ডকুমেন্টেশন করা। মান্তা জনগোষ্ঠীর বাস্তবতা (পানীয় জল ও স্যানিটেশন বিবেচনায়) গণমাধ্যমে সম্প্রচারে তাদেরকে উদ্বুদ্ধ করা।
উন্মমুক্ত সংলাপ শেষে মান্তা পরিবারদের জীবাণু মুক্ত থাকতে এবং সুস্থ থাকতে সঠিক নিয়মে সাবান ও পানি দিয়ে হাত ধোয়ার নিয়ম শেখানো হয়।









































