বরিশালে ২০০ পিস ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার
অক্টোবর ১৯ ২০২৬, ১৩:৪৩
বরিশাল ॥ বরিশাল নগরীতে ২০০ পিস ইয়াবা ও মাদক বিক্রিতে ব্যবহৃত স্মার্টফোনসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে নগরীর বিএম কলেজ রোডের তালভিটা লেনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. নয়ন (২৫) ও তাঁর স্ত্রী মুক্তা আক্তার (২৯)। তাঁরা বরিশাল এয়ারপোর্ট থানাধীন লুৎফর রহমান সড়কের স্থায়ী বাসিন্দা। বর্তমানে তাঁরা নগরীর কোতোয়ালি মডেল থানাধীন বিএম কলেজ রোডের তালভিটা লেনে কাশেম মহলে ইদ্রিস মিয়া সবুজের বাড়িতে ভাড়া থাকতেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিচালক মোহাম্মদ খোরশিদ আলমের নির্দেশনায় গোয়েন্দা দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন নয়ন ও মুক্তা আক্তারকে তল্লাশি করে ২০০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি ইনফিনিক্স (INFINIX X6725) মডেলের স্মার্টফোন উদ্ধার করা হয়।
ডিএনসি সূত্র জানায়, এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বরিশাল কোতোয়ালি মডেল থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।









































