নাজিরপুরে জামায়াতে যোগ দিলেন বিএনপি ও জাতীয় পার্টির ৫০ নেতাকর্মী
সেপ্টেম্বর ১২ ২০২৫, ১৮:৩৬
নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে বিএনপি ও জাতীয় পার্টি থেকে সরে এসে জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য হিসেবে যোগ দিয়েছেন জাতীয় পার্টির নাজিরপুর উপজেলা সাধারণ সম্পাদক ও নাজিরপুর সদর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আল আমিন খান এবং বিএনপির স্বেচ্ছাসেবক দলের উপজেলা যুগ্ম আহ্বায়ক মো. ইস্রাফিল হাওলাদার।
উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এবং মাওলানা আবু দাউদের সঞ্চালনায় অনুষ্ঠানে তারা সহযোগী সদস্যপদ ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
এ সময় আরও ৪০ থেকে ৫০ জন নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দেন বলে সংশ্লিষ্টরা জানান।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদ।
প্রধান বক্তা ছিলেন পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মাসুদ সাঈদী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রাজ্জাক, নাজিরপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাজী মোসলেহ উদ্দিন, উপজেলা যুব বিভাগের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, সেক্রেটারি সিফাতুল্লাহ বিন বেলালী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. মাফুজুর রহমান, উপজেলা শিবির সভাপতি মো. আবু হানিফ, সেক্রেটারি সাকিবুল ইসলাম প্রমুখ।
যোগদান অনুষ্ঠানে বক্তব্য দিয়ে ইস্রাফিল হাওলাদার বলেন, “আমি একজন মুসলমান। সমাজে দ্বীন কায়েম করা আমার কর্তব্য। আমি চাই দেশে ইসলাম কায়েম হোক। জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শ ইসলামের আদর্শ নয়। তাই ওই দল থেকে সরে এসে আমি জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছি। সারাজীবন ইসলামকে ধারণ করে বেঁচে থাকতে চাই।”








































