বরিশালে প্রি-পেইড মিটার স্থাপনের সিদ্ধান্ত প্রত্যাহার দাবি

সেপ্টেম্বর ০১ ২০২৪, ২১:৪৩

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালে প্রি-পেইড মিটার স্থাপন সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি দিয়েছে বিদ্যুৎ ব্যবহারকারীরা। রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল নগরীর আমানতগঞ্জস্থ ওজোপাডিকো বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মঞ্জুরুল ইসলামের কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়। এরআগে সংক্ষিপ্ত সমাবেশ করেন বরিশাল বিদ্যুৎ গ্রাহক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

স্মারকলিপি প্রদানের আগে সংক্ষিপ্ত এক সমাবেশে সেখানে উপস্থিত থাকা গণসংহতি আন্দোলন বরিশালের সমন্বয়কারী দেওয়ান আবদুর রশিদ নীলু বলেন, আমরা জানতে পেরেছি ১৮ আগস্ট থেকে বরিশালে প্রি-পেইড মিটার স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে আমরা রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে প্রি-পেইড মিটার ব্যবহারকারী ও নানা মহল এবং পত্র-পত্রিকার সংবাদ মাধ্যমে বিভিন্ন বিরূপ অভিজ্ঞতা ও প্রভাবের বিষয়ে অবগত হয়েছি।

এককথায় প্রি-পেইড মিটার এটা একটি জটিল মিটার। যার মাধ্যমে ব্যবহারকারীরা ভোগান্তি ও হয়রানির স্বীকার হওয়া ছাড়া আর কোন তথ্যই সামনে আসছে না। কাজেই বরিশালে এই প্রি-পেইড মিটার স্থাপন করলে অন্য জায়গার মতো এখানকার ব্যবহারকারীরা ভোগান্তি ও হয়রানির স্বীকার হবেন। গ্রাহকরা প্রাথমিকভাবে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়মানুযায়ী জানিয়েছে। এরপরও যদি বিপজ্জনক ওই মিটার বসানোর কার্যক্রম হাতে নেয় তাহলে নিয়মতান্ত্রিকভাবে পরবর্তীতে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবে।

তিনি আরও বলেন, বিগত সরকার নাগরিকদের দিক বিবেচনা না করে তাদের ইচ্ছেমতো দেশের বিভিন্ন স্থানে প্রি-পেইড মিটার বসিয়েছে। যেটি সাধারণ মানুষের কাঁধে এখন দানবের মতো বোঝা হয়ে দাঁড়িয়েছে। সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিল নিয়ে ওজোপাডিকো বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মঞ্জুরুল ইসলাম এর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন বিদ্যুৎ গ্রাহক ঐক্য পরিষদের নির্বাহী সমন্বয়ক আরিফুর রহমান মিরাজ, দপ্তর সম্পাদক রুবিনা ইয়াসমিন, সাবেক শিক্ষক মাসুদ চৌধুরী, ভিলিয়ন পলাশ, শ্রমিক নেতা আব্দুল মান্নান মিয়া, ব্যবসায়ী লিটন হাওলাদার, শাখাওয়াত হোসেন, ছাত্রনেতা আকিউর রহমান লিমন, এফ এম আল-আমিনসহ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া