বরিশালে কারফিউ শিথিলতায় ফিরেছে স্বস্তি
জুলাই ২৫ ২০২৪, ১২:৩৪
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কারফিউর ৫ম দিনে বরিশালে জনজীবন স্বাভাবিক রয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পুলিশ, র্যাব, বিজিবির পাশাপাশি সার্বক্ষণিক সেনাবাহিনী টহল দিচ্ছে। নগরীর গুরুত্বপূর্ণ মোড় গুলোতে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে।
কারফিউ শিথিলতায় ব্যাংক, অফিস-আদালতের পাশাপাশি দোকানপাট খোলায় নগরবাসীর মাঝে স্বস্তি ফিরেছে। এছাড়া বরিশাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক রয়েছে তবে অভ্যন্তরীণ রুটে ছোট লঞ্চ চলাচল করলেও বরিশাল-ঢাকা রুটে লঞ্চ চলাচলের সিদ্ধান্ত এখনো আসেনি।
বুধবার (২৪ জুলাই) বরিশাল জেলায় সকাল ৮টা থেকে বিকেল ৬টা পর্যন্ত এবং বরিশাল মেট্রোপলিটন এলাকায় সকাল ৯টা থেকে বিকেল ৬টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে বলে জানিয়েছেন জেলা শহিদুল ইসলাম।
বরিশাল নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে গত চার দিন পরে প্যাডেল রিক্সা, ব্যাটারিচালিত রিক্সা, অটোরিকশা, সিএনজি ও তেলে চালিত থ্রি-হুইলার চলাচল স্বাভাবিক নিয়মে শুরু হয়েছে। সেইসাথে জেলার অভ্যন্তরে ও বাহিরে বাস চলাচলও শুরু হয়েছে পূর্বের নিয়মে।
সবমিলিয়ে রাস্তাঘাটে মানুষের চলাচল বেড়েছে কয়েকগুণ। এদিকে দীর্ঘদিন বন্ধ থাকা দোকান-পাটসহ বিভিন্ন ধরণের ব্যবসায়ী প্রতিষ্ঠান খুলতে শুরু করে। অপরদিকে সকাল ১০ টার দিকে ব্যাংক, অফিস ও আদালত পাড়ায় মানুষের ভিড় দেখা গেছে। তবে বরিশালের সর্বোত্র ইন্টারনেট ব্যবস্থা সচল না হওয়ায় ব্যবসায়ী কার্যক্রম সঠিকভাবে করা যাচ্ছে না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। কিন্তু সর্বোচ্চ গ্রাহক ও নাগরিক সেবা দিতে প্রস্তুত রয়েছে সরকারি ও বেসরকারি সেক্টরের কর্মকর্তা-কর্মচারীরা।
অপরদিকে গত ২১ জুলাই থেকে বরিশালসহ সারা বাংলাদেশের নৌ পরিবহন ব্যবস্থাও বন্ধ রয়েছে। তবে বুধবার সকাল ১০টা পর্যন্ত বরিশাল নদী বন্দর থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে কোন লঞ্চ চলাচল না করলেও বরিশাল-ভোলা ও বরিশাল-মেহেন্দিগঞ্জ রুটে স্পীডবোট চলাচল স্বাভাবিক রয়েছে।
সেইসাথে নদীবেষ্টিত হিজলা, মেহেন্দিগঞ্জ ও ভোলা সদরের মানুষ বিভাগীয় সদরদপ্তরের সাথে ছোট ইঞ্জিন চালিত নৌকা (ট্রলার) এর মাধ্যমে যাতায়াত করছে। বিআইডব্লিউটি’র বরিশাল নদীবন্দর কর্মকর্তা আবদুর রাজ্জাক বুধবার বিকেল ৫টায় জানান, এখন পর্যন্ত লঞ্চ চলাচলের সিদ্ধান্ত কর্তৃপক্ষ দেয়নি, তবে সিদ্ধান্ত দিলে তাৎক্ষনিক লঞ্চ চলাচল শুরু হবে। এছাড়া দিনের বেলা কারফিউ শিথিল থাকলেও সন্ধ্যা ৬টার পর কারফিউ বহাল থাকায় রাতে বরিশাল-ঢাকা রুটে বিলাসবহুল লঞ্চগুলো চলাচল করবে কি না এ নিয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন লঞ্চ কোম্পানিগুলো।
এদিকে বরিশালে কারফিউ শিথিল হওয়ায় অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালের বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কিশোর কুমার দে। তিনি জানান, নগরীতে সকাল ৯টা থেকে এবং নগর ব্যতীত জেলার অন্যান্য জায়গাতে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ শিথিল রয়েছে। এসময়ের মধ্যে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটে বাস-মিনিবাস চলাচল করেছে অনেকটাই স্বাভাবিক নিয়মে। তবে বেলা বাড়ার সাথে সাথে বিশেষ করে দুপুর ২টার পর থেকে যাত্রীদের চাপ কমে গেছে। তবে এ দিন গণপরিবহণগুলোতে যাত্রীর সংখ্যা ছিলো তুলনামূলক অনেক বেশি।
অপরদিকে কারফিউ শিথিল থাকলেও এ সময়ে কোন ধরনের মিছিল-সভা, সমাবেশ করা যাবে না বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জিহাদুল কবির ও জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম। এদিকে নগরী ও জেলার গুরুত্বপূর্ণ সড়কে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি’র সদস্যরা সকাল থেকে টহল দিচ্ছে।
এদিকে নাশকতার ৫টি মামলায় ৭৩ জনকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন। এছাড়া নগরীর গুরুত্বপূর্ণ সড়কের মোড়গুলোতে বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলাম গতকাল দুপুরে বাস টার্মিনাল এলাকা পরিদর্শন শেষে বিকেলে সদর উপজেলায় শ্রমজীবী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন।









































