গৌরনদীতে মেয়র পদে উপ-নির্বাচন

তিন প্রিজাইডিং কর্মকর্তার ঠাই হলো কারাগারে

জুন ২৭ ২০২৪, ১৮:৪৮

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ বরিশালের গৌরনদী পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে এক মেয়র প্রার্থীর কাছ থেকে উৎকোচ নেওয়ার ঘটনায় আটককৃত প্রিজাইডিং ও দুই সহকারী প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে সহকারী রিটার্নিং অফিসার ও গৌরনদী উপজেলা নির্বাচন অফিসার মোঃ সাইদুর রহমান বাদি হয়ে মামলাটি মামলা দায়ের করেন। দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এজাহারে বাদি সাইদুর রহমান উল্লেখ করেন, গোপন সংবাদে জানতে পারি পৌরসভার ৬নং ওয়ার্ডের সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও গৌরনদী বন্দর সোনলী ব্যাংকের ম্যানেজার মোঃ সাইদুর রহমান, সহকারী প্রিজাইডিং অফিসার ও গৌরনদী জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা সঞ্জয় কুমার ভদ্র এবং সহকারী প্রিজাইডিং অফিসার উত্তর কান্ডপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন ভোটের আগের দিন মঙ্গলবার রাত নয়টার দিকে মোবাইল ফোন প্রতীকের মেয়র প্রার্থী এইচ.এম জয়নাল আবেদীনের কাছ থেকে ঘুষ নিয়েছেন।

বিষয়টি জানার পরে ভোট চলাকালীন সময়ে বুধবার আমি এবং বরিশাল আঞ্চলিক নির্বাচন অফিসার মোঃ আলাউদ্দিন, বরিশাল জেলা সিনিয়র অতিরিক্ত নির্বাচন অফিসার ও উপনির্বাচনের রিটার্নিং অফিসার অহিদুজ্জামান মুন্সী, কেন্দ্রে দায়িত্বরত পুলিশ উপ-পরিদর্শক মোঃ আব্দুল কাইয়ুম একদল পুলিশ নিয়ে কেন্দ্রে উপস্থিত হয়ে আসামিদেরকে একটি কক্ষে এনে জিজ্ঞাসাবাদ করলে আসামিরা ঘুষ নেওয়ার কথা স্বীকার করেন।

স্বীকারোক্তিতে আসামিরা বলেন, গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মোবাইল ফোন প্রতীকের মেয়র প্রার্থী এইচএম জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মোঃ হারিছুর রহমান ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন মুন্সী রাতে ভোট কেন্দ্রে এসে বকসিসের কথা বলে তাদেরকে ৮ হাজার টাকা ঘুষ দেন। এক পর্যায়ে ঘুষের টাকা বের করে দিলে পুলিশ টাকা জব্দ করে জব্দ তালিকা তৈরি করেন।

গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম বলেন, দায়েরকৃত মামলায় আটক তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। এজাহারের মধ্যে আরো তিনজনের নাম রয়েছে। তদন্তে তাদের জড়িত থাকার সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া