বরিশালে পারিবারিক কলহের জেরে গৃহবধূর ‘আত্মহত্যা’
জুন ১৯ ২০২৪, ১৪:০৩
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কলহের জেরে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূর আত্মহত্যার অভিযোগ উঠেছে। গত রোববার রাতে উপজেলার বাকাল ইউনিয়নের পয়সা গ্রামে এ ঘটনা ঘটে। গৃহবধূর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. জহিরুল ইসলাম। তিনি বলেন, বাকাল ইউনিয়নের পয়সা গ্রামের অতুল ব্যাপারীর স্ত্রী তিন সন্তানের জননী ইতি ব্যাপারী (৪২) রোববার রাতে ঘরের আড়ার সঙ্গে রশিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
ইতি ব্যাপারীর ছেলে অসিম ব্যাপারি জানান, তাঁর বাবা অতুল ব্যাপারীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে তাঁর মায়ের ঝগড়া হয়। এতে অভিমান করে গলায় ফাঁস দেন তাঁর মা। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মিরন হালদার তাঁকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে রোববার রাতে আগৈলঝাড়া থানার উপপরিদর্শক মো. মনিরুজ্জামান ইতি ব্যাপারীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। গত সোমবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।









































