বরিশাল ও রংপুরের ৯২২টি অবৈধ ইটভাটা উচ্ছেদে হাইকোর্টের নির্দেশ
মার্চ ০৪ ২০২৪, ১৭:০০
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বায়ুদূষণ নিয়ন্ত্রণে বরিশাল ও রংপুর বিভাগের সব অবৈধ ইটভাটা চার সপ্তাহের মধ্যে উচ্ছেদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (৪ মার্চ) বিচারপতি জে.বি.এম. হাসান এবং বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্টে বেঞ্চ এ আদেশ দেন।
আদেশে আদালত বরিশাল ও রংপুর বিভাগে গড়ে ওঠা অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বিবাদী রংপুর ও বরিশাল বিভাগের বিভাগীয় প্রধানদের চার সপ্তাহের সময় দিয়ে ব্যবস্থা নিতে নির্দেশ প্রদান করেছেন। এ ছাড়া উক্ত ব্যবস্থা সম্পর্কে আদালতে প্রতিবেদন দখিলের জন্য ২৫ এপ্রিল দিন নির্ধারণ করেছেন।
এই নির্দেশনা মোতাবেক বরিশাল ও রংপুর বিভাগের বিভাগীয় প্রধানদের প্রদানকৃত প্রতিবেদনে দেখা যায় বরিশাল বিভাগে ১২২টি ও রংপুর বিভাগে ৮০০টি সর্বমোট ৯২২টি অবৈধ ইটভাটা এখনো বিদ্যমান রয়েছে এবং বিভাগ দুটি সম্পূর্ণরূপে অবৈধ ইটভাটা উচ্ছেদ করতে ব্যর্থ হয়েছে। সে কারণে এইচআরপিবি’র পক্ষে এক সম্পূরক আবেদন দাখিল করে উক্ত অবৈধ ইটভাটা উচ্ছেদের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত আগামী চার সপ্তাহের মধ্যে অবশিষ্ট অবৈধ ইটভাটা উচ্ছেদ করে আদালতে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ প্রদান করেন।’









































