বরিশালে স্কুলছাত্রী ধর্ষণের ১৩ বছর পর যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
ফেব্রুয়ারি ০৬ ২০২৪, ২০:১২
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের আগৈলঝাড়া উপজেলায় স্কুলছাত্রীকে ধর্ষণের ১৩ বছর পর শাওন আকন নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ অপরাধীকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। আসামির অনুপস্থিতিতে সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ইয়ারব হোসেন এ রায় দেন।
মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) সকালে ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ২০১১ সালের ২ ফেব্রুয়ারি বিকেলে নানাবাড়িতে ধর্ষণের শিকার হন ওই স্কুলছাত্রী। এ অপরাধে দণ্ডিত শাওন আগৈলঝাড়া উপজেলার দক্ষিণ গৈলা এলাকার আলাম আকনের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১১ সালের ২ ফেব্রুয়ারি বিকেলে নানাবাড়িতে পারিবারিক বিষয় নিয়ে একটি সালিশ হয়। তখন বসার জন্য পিরি (বসার জন্য কাঠ দিয়ে তৈরি বস্তু) আনতে একই বাড়ির ভাড়াটিয়া শাওনের ঘরে যান ওই স্কুলছাত্রী।এ সময় স্কুলছাত্রীকে ঘরের মধ্যে একা পেয়ে শাওন তার হাত ও মুখ বেঁধে ধর্ষণ করেন। পিরি নিয়ে ফিরতে দেরি হওয়ায় ভূক্তভোগীর খালা শাওনের ঘরে যান। তখন শাওন পালিয়ে গেলে গুরুতর অসুস্থ অবস্থায় ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। ঘটনার সময় শাওন ওই স্কুলছাত্রীর বিভিন্ন স্থানে কামড় দিয়ে ক্ষত-বিক্ষত করে দেন।
এরপর ওই দিন রাতে স্কুলছাত্রীর মা বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মামলা করেন। এরপর ঘটনার তদন্ত শেষে একই বছরের ৫ নভেম্বর আগৈলঝাড়া থানার এসআই জহুরুল ইসলাম আদালতে অভিযোগপত্র জমা দেন। তাতে শাওনকে অভিযুক্ত করা হয়। এরপর মামলার ১৪ সাক্ষীর মধ্যে সাতজনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এ রায় দেন।









































