তীব্র শীতে রবিশস্যের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা
জানুয়ারি ১৫ ২০২৪, ১৮:২৪
নুরে আলম, বাবুগঞ্জ : বাবুগঞ্জে কয়েকদিন ধরে তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে। প্রচণ্ড শীত ও ঘন কুয়াশায় ক্ষতি হচ্ছে বীজ ধানসহ শীতের রবিশস্যের। ঝরে পড়ছে ফুল ফলাদি, মরে যাচ্ছে চারা।
রবিশস্যের মধ্যে পেঁয়াজ, বেগুন, ডাল, টমেটোসহ অন্যান্য ফসলে অতিরিক্ত কুয়াশা ও প্রচন্ড ঠান্ডায় গাছের পাতাসহ গাছ পুড়ে ও ঝলসে যাচ্ছে। তবে এর বেশি প্রভাব পরেছে বোরো ধানের চারা উপরে। চারা ধানে কোল্ড ইনজুরি হয়ে চাড়া মরে যাচ্ছে। সরিষা পাতা ঝলসে এবং ফুল ঝড়ে যাচ্ছে। পেঁয়াজের ক্ষেত্রে পাতা পচে যাচ্ছে। এতে কৃষকের মুখের হাসি কেড়ে নিয়েছে।
রহমতপুর ইউনিয়নের কৃষক কালাম হোসেন বলেন, বাবুগঞ্জে তীব্র শীতের সঙ্গে বইছে শৈত্যপ্রবাহ। প্রচণ্ড ঠান্ডায় শীতকালীন শাকসবজি ও ফসলে পোকার আক্রমণ বেড়েছে। শীতে অনেক কৃষকের বীজতলা নষ্ট হয়েছে। এতে আমাদের দুশ্চিন্তা পড়েছি। তবে সময়মতো বোরো চাষ না করলে ধানের ক্ষতি হতে পারে।
কেদারপুর ইউনিয়নে কৃষক মো. ফারুক বলেন, কয়েকদিনের প্রচণ্ড শীত ও ঘন কুয়াশায় ক্ষতি হচ্ছে বোরো ধানের বীজতলা। ঝরে পড়ছে সরিষার ফুল। এতে ফসলের ক্ষতি হচ্ছে। এছাড়াও প্রচণ্ড কুয়াশার কারণে মাঠে সরিষার ফুল ঝরে পড়ছে। এতে আমাদের ক্ষতি হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রশীদ বলেন, তীব্র শীত ও ঘন কুয়াশায় শীতের সবজির ক্ষতি হয়েছে। তবে বেশি ক্ষতি হয়েছে বোরোর বীজতলায়। অনেকের বীজ ধান হলুদ হয়ে যাচ্ছে। আমরা কৃষকদের বলেছি প্রতিদিন সকালে চারা ধান থেকে কুয়াশা রশি দিয়ে ঝেড়ে ফেলবেন অথবা ছত্রাকনাশক স্প্রে ছিটিয়ে দিবেন। এবং অন্যান্য শীতের সবজি ও রবিশস্যের পাতায় কুয়াশা লেগে থাকায় পাতা পুড়ে যাচ্ছে ও তিল পড়ে যাচ্ছে তাই ছত্রানাশক স্প্রে ছিটিয়ে দিতে বলা হয়েছে।









































