বরগুনা-১ আসনের এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে ফের শোকজ

ডিসেম্বর ৩১ ২০২৩, ১৮:৪০

বরগুনা প্রতিনিধি ‍॥ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বর্তমান সংসদ সদস্য ও বরগুনা-১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে আবারও কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি। শনিবার (৩০ ডিসেম্বর) বরগুনা-১ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান আহমেদ সাইদ এ নোটিশ দেন। কারণ দর্শানোর নোটিশে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কমিটির কাছে লিখিত বক্তব্য দাখিল করতে নির্দেশ দেওয়া হয়।

নোটিশে উল্লেখ করা হয়, গত বুধবার (২৬ ডিসেম্বর) বরগুনার তালতলী উপজেলার কড়াইবাড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রচারণা সভায় ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর স্বতন্ত্র প্রার্থীদের সমালোচনা করে ‘ইবলিশ, ইডিয়েট ও মোনাফেক’ বলে মন্তব্য করেন।

নোটিশে বলা হয়, এমন মন্তব্য করায় বরগুনা-১ আসনের নৌকার প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভু নির্বাচনী আচরণবিধি ২০০৮ এর ১১(ক) লঙ্ঘন করেছেন। এ অবস্থায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচন অনুসন্ধান কমিটির কাছে প্রার্থী নিজে বা নির্বাচন অনুসন্ধান কমিটির কাছে লিখিত জবাব দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

আগেও প্রচারণা ও বক্তব্যে আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে গত ১১ ডিসেম্বর শম্ভুসহ ৯ জন আওয়ামী লীগ নেতাকে শোকজ করেছিল নির্বাচন অনুসন্ধান কমিটি। জবাবে সন্তুষ্ট না হওয়ায় ১৬ ডিসেম্বর শম্ভুসহ ৫ নেতাকে জরিমানার সুপারিশ করে ইসিতে প্রতিবেদন পাঠায় কমিটি। গত ২৭ ডিসেম্বর নির্বাচন কমিশনে তলব করা হয় তাকে। ২৮ ডিসেম্বর ইসিতে উপস্থিত হয়ে নির্বাচন কমিশন কর্তৃক ধার্যকৃত ৫০ হাজার টাকা জরিমানা দিয়ে অভিযোগ থেকে নিস্তার পান বরগুনা- ১ আসনের পাঁচবারের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।

এ বিষয়ে বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনিত নৌকা মার্কার প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর মন্তব্য পাওয়া যায়নি। তবে নৌকার প্রার্থীর প্রধান সমন্বয়কারী মজিবুল হক কিসলু বলেন, প্রার্থীর পক্ষে আমি যথাসময়ে নির্বাচন অনুসন্ধান কমিটির কাছে লিখিত জবাব দাখিল করব।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া