বরিশালে আওয়ামী লীগের ২ পক্ষের সংঘর্ষ : আহত ৫
ডিসেম্বর ২৪ ২০২৩, ২০:২৬
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের উজিরপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছে। শনিবার সন্ধ্যায় বরাকোঠা ইউনিয়নের ডাবেরকুল বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত দু’জনকে স্থানীয় ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী, স্থানীয় লোকজন ও আহতরা জানান, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে উজিরপুর উপজেলার বরাকোঠা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হওয়াকে কেন্দ্র করে উজিরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো: সহিদুল ইসলামের সাথে বরাকোঠা ইউনিয়ন আওয়ামী লীগের তৎকালীন সাধারন সম্পাদক মো: কামাল হোসেনের (৪৮) দীর্ঘ দিন বিরোধ চলে আসছিল।
বরাকোঠা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মো: কামাল হোসেন অভিযোগ করে বলেন, শনিবার সন্ধ্যায় উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম.জামাল হোসেন আমাকে নিয়ে নৌকার প্রচারণায় নামেন। পৃথকভাবে নৌকার প্রচারনায় নামেন আমার প্রতিপক্ষ ইউপি চেয়ারম্যান সহিদুল ইসলাম।
আমকে রাত ৭টার দিকে ডাবেরকুল বাজারে পৌছলে উপজেলা সভাপতি জামাল হোসেনের সাথে আমাকে দেখে চেয়ারম্যান সহিদুল ইসলাম ক্ষিপ্ত হন এবং গালাগাল করেন। আমি চেয়ারম্যানের গালিগালাজের প্রতিবাদ করলে চেয়ারম্যান আমাকে কিল ঘুষি ও লাথি মেরে মাটিতে ফেলে দেয়। সাথে সাথে তার সমর্থক ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: লিটন বেপারীর নেতৃত্বে ২৫ থেকে ৩০ জন সমর্থক আমার ওপর পিটিয়ে হামলা চালিয়ে জখম করেছে।
অভিযোগের ব্যপারে জানতে চাইলে ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: লিটন বেপারী বলেন, কামাল হোসেন তার সমর্থকদের নিয়ে আমার ওপর অতর্কিতভাবে হামলা চালিয়ে আমাকে আহতসহ আমার তিন সমর্থককে আহত করেছে।
এ দিকে, হামলার অভিযোগ অস্বীকার করে উজিরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো: সহিদুল ইসলাম বলেন, হামলার সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমার সামনে লিটন মেম্বরের সাথে কামালের সমর্থকদের সংঘর্ষ হয়।
এ প্রসঙ্গে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম.জামাল হোসেনের কাছে জানতে চাইলে তিনি তার সামনে সংঘর্ষের কথা স্বীকার করে বলেন, নিজেদের মধ্যে ছোট খাট ঘটনা ঘটেছে যা নিয়ন্ত্রন ও উভয় পক্ষের মধ্যে সমঝোতা করে দিয়েছি। এ বিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাফর আহম্মেদ বলেন, এ ঘটনায় কোনো পক্ষই এখনো মামলা করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।









































