সিইসিকে এমপি পংকজের চিঠি
ডিসেম্বর ২৪ ২০২৩, ১৭:০২
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভয়ভীতি প্রদর্শন ও সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছেন বরিশাল-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সংসদ সদস্য পংকজ নাথ। রোববার (২৪ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বরাবর এ চিঠি পাঠিয়েছেন তিনি।
এতে বলা হয়, বরিশাল-৪ আসনে ইসির বরাদ্দ প্রতীকধারী প্রার্থী আমরা তিনজন। আমার প্রতীক ঈগল এবং মিজানুর রহমানের লাঙল ও হৃদয় ইসলাম চুন্নুর ছড়ি। এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাম্মী আহমেদ দ্বৈত নাগরিকত্বের কারণে প্রার্থিতা হারিয়েছেন। আমাদের এই আসনে নৌকা প্রতীকের কোনো প্রার্থী নেই। অথচ হিজলা-মেহেন্দীগঞ্জের বিভিন্ন রাজনৈতিক পদধারী কিছু সংখ্যক দুর্বৃত্ত নির্বাচনী পরিবেশকে বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় মেহেন্দীগঞ্জের উলানিয়া দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মিলন চৌধুরীর নেতৃত্বে লালগঞ্জ বাজারে কিছু সংখ্যক সন্ত্রাসী লাঠিসোঁটা, দেশীয় অস্ত্র নিয়ে শাম্মী আহমেদের পক্ষে মিছিল করে ঈগল প্রতীকের সমর্থকদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে স্থানীয় নির্বাচনী ক্যাম্প বন্ধ করে দেয়।
এরপর শুক্রবার (২২ ডিসেম্বর) উলানিয়া উত্তর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম জামাল মোল্লার নেতৃত্বে শাম্মী আহমেদের পক্ষে মিছিল করে ঈগল প্রতীকের সমর্থকদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হয়। সেই সঙ্গে আমার বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার এবং সাম্প্রদায়িক উসকানিমূলক বক্তব্য দেয়।
শনিবার (২৩ ডিসেম্বর) রাতে হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের ট্যাকের বাজারে সন্ত্রাসী বাহিনী ঝন্টু বেপারি, সালাউদ্দিন রাড়ী, আব্দুল করিম কবির, তানভীর মীর, কাউসারসহ ১৫/২০ জন সন্ত্রাসী মিলে আমার কর্মী অহিদ সরদারকে রক্তাক্ত জখম করে মাথা ফাটিয়ে দেয় এবং ঈগল মার্কার অফিস ভাঙচুর করে।
‘এর আগে সন্ধ্যায় চরএককরিয়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মুকিম তালুকদার, খোরশেদ বেপারী, জাহাঙ্গীর কমিশনার, আবুল হোসেন আকন, আওলাদ হোসেন আকন, মাজেদ তালুকদার, শাকিল বেপারী, রিপন জমাদ্দার সহ বেশকিছু সন্ত্রাসী-দুর্বৃত্ত নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে মেহেন্দিগঞ্জ উপজেলার চরএককরিয়া ইউনিয়নের দাদপুর তেমুহনি বাজারে নৌকার মিছিল করে এবং তেমুহনি বাজার থেকে পাতারহাট বাজার পর্যন্ত শতাধিক হোন্ডার মহড়া দিয়ে নৌকার স্লোগান দেয় এবং ঈগল মার্কার সমর্থকদের নির্বাচনী প্রচারে বাধা ও ভয়ভীতি দেখিয়ে শান্ত ও উৎসবমুখর পরিবেশকে অস্থীতিশীল করে তুলছে।
২২ ও ২৩ ডিসেম্বর পূর্বে উল্লেখিত একই সন্ত্রাসী গোষ্ঠীসহ আলিমাবাদের ইউপি চেয়ারম্যান বাগ্নির নেতৃত্বে মাঝকাজি বাজারে শাম্মী আহমেদের পক্ষে মিছিল করে ঈগল প্রতীকের সমর্থকদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে’ চিঠিতে উল্লেখ করা হয়।
এ ছাড়া রোববার সকালে হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের আলীগঞ্জ বাজারে ঈগল মার্কার প্রচারণা ও লিফলেট বিতরণ করার সময় সন্ত্রাসী বাহিনী জামাল ঢালী, রবি ঢালী, সালাউদ্দিন সালা, নিজাম, রফিক ঢালী, আফসার, বাবুসহ ৫০/৬০ জন হামলা চালায় এবং আলিগঞ্জ বাজার মন্দির কমিটির সভাপতি রামপ্রসাদের বাড়ি ভাঙচুর করে।
এই সন্ত্রাসীরা বরিশাল-৪ আসনে নির্বাচন কমিশনে বরাদ্দ নেই এমন একটি প্রতীকের শ্লোগান দিয়ে হামলা চালায় বলে ওই চিঠিতে তিনি উল্লেখ করেন। এ অবস্থায় এ সব দুর্বৃত্তদের বিরুদ্ধে আইনানুগ শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণের দাবি জানান পংকজ।









































