বরিশালে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মারধরের অভিযোগ নৌকার বিরুদ্ধে

ডিসেম্বর ২৩ ২০২৩, ১২:১৯

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল-৫ আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপনের (ট্রাক) কর্মী সমর্থকদের মারধর ও নির্বাচনি কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে নৌকার কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। শুক্রবার রাতে প্রার্থী নিজে সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন। এ ব্যাপারে জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর অভিযোগ দেবেন বলে জানান তিনি।

স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপন জানান, নৌকার কর্মী-সমর্থকরা বিভিন্ন জায়গায় আমার পোস্টার খুলে ফেলছে। রূপাতলী এলাকায় আমার পোস্টার ছেড়ার পাশাপাশি নেতাকর্মীদের গণসংযোগে হুমকি দেওয়া হয়েছে। এছাড়া দক্ষিণ রায়পাশায় স্থানীয় জনপ্রতিনিধিরা নির্বাচনি কাজ চলাকালে কর্মী সমর্থকদের হুমকি-ধমকি দিয়েছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার শায়েস্তাবাদের লোহারপুল এলাকায় অনুমতি নিয়ে মিটিং করতে গেলে নৌকার কর্মীরা পিকনিক পার্টি করে। পরে প্রশাসনের সহায়তায় পার্শ্ববর্তী মাঠে মিটিং করি। এই দিন টেক্সটাইল মোড়ে অনুষ্ঠিত মিটিংয়ে আসার সময় ভাটিখানায় অবস্থানকালে নেতাকর্মীদের মারধর করেছে।

সালাউদ্দিন রিপন আরও বলেন, শুক্রবার চরকাউয়ার কর্ণকাঠীতে প্রশাসনের অনুমতি সাপেক্ষে মিটিং ছিল। কিন্তু স্থানীয় ইউপি সদস্য মজিবর রহমান লিটু এবং আবুল নামের এক ভদ্রলোকের নেতৃত্বে কিছু লোক তাতে বাধা দিয়েছে। তারা বলেছেন, এখানে নৌকা মার্কার কর্মী সভা হবে, অন্য কোনো সভা হতে পারবে না। পরে প্রশাসনের সহায়তায় মঞ্চ ছাড়াই মিটিং করেছি। এর বাইরেও বিভিন্ন এলাকায় কর্মী-সমর্থকদের বাধা প্রদান করা হয়েছে।

রাস্তায় ব্যারিকেড দেওয়া হয়েছে। মিটিংয়ে অংশ নিলে সরকারি ভাতাসহ মুক্তিযোদ্ধা ভাতার তালিকা থেকে নাম কেটে দেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। ঝরঝরিয়াতলা এলাকায় একজন শ্রমজীবী সমর্থককে নৌকা মার্কার সমর্থকরা মারধর করেছ।নির্বাহী ম্যাজিস্ট্রেট তদন্তে কর্ণকাঠী গিয়েছিলেন। আমি এসব ঘটনার প্রতিকার চাই।

তিনি আরও বলেন, আমিও শেখ হাসিনার কর্মী। আমি নেত্রীর নির্দেশেই স্বতন্ত্র প্রার্থী হয়েছি। আমি চাই সহবস্থান। অভিযোগ সম্পর্কে বরিশাল ৫ আসনের নৌকার নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য যুবলীগ নেতা মাহমুদুল হক খান মামুন বলেন, এসব অভিযোগ মনগড়া। ‍

আমরা নৌকার প্রার্থীর পক্ষে কাজ করা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছি। কাউকে বাধা দেওয়ার মতো সময় এখন নেই। বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, এই বিষয়ে লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া