বরিশালে সড়কে গাছ ফেলে অবরোধ
নভেম্বর ২৩ ২০২৩, ১৫:৫৯
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি আদায়ে ও নির্বাচন কমিশনের একতরফা তফসিল প্রত্যাখান ও আটক সকল নেতা কর্মীদের মুক্তির দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সমমনা দল ৬ষ্ঠ বারের মতো অবরোধের ঘোষণা দেয়। বুধ ও বৃহস্পতিবার ৪৮ ঘণ্টার এই অবরোধ সফল করার লক্ষ্যে বরিশালে মহানগর বিএনপির আয়োজনে এক ঝটিকা মিছিল বের করা হয়। এ সময় সড়কে গাছ ফেলে পিকেটিং করে অবরোধ সমর্থনকারীরা।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এ্যাড. আলী হায়দার বাবুল ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ্যাড. মহসিন মন্টুর নেতৃত্বে জেলা প্রশাসকের প্রধান ফটক থেকে মহানগর বিএনপির ব্যানারে একটি মিছিল বের হয়। বিএনপি সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা সম্মিলিতভাবে মিছিলটি বের করে নগরভবন মোড় হয়ে ফজলুল হক এভিনিউ সড়ক প্রদক্ষিণ করে জেলা জজ আদালত প্রাঙ্গণে এসে শেষ হয়।
অন্যদিকে ৬ষ্ঠ বারের ডাকা অবরোধের শেষ দিনে কেবল দূরপাল্লার বাসে যাত্রীর সংখ্যা কিছুটা কম ছিল। এছাড়া অবরোধে নগর জীবনে খুব একটা প্রভাব পড়েনিসকাল থেকে অভ্যন্তরীণ রুটে লঞ্চ ও বাস চলাচল করছে যথানিয়মে। নগরের অভ্যন্তরেও গণপরিবহণ চলছে। খুলেছে ব্যবসা প্রতিষ্ঠান। গুরুত্বপূর্ণ স্থানে রয়েছে আইন- শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি। সকাল থেকেই যথারীতি লঞ্চ চলাচল করেছে। যাত্রীরা বলছেন, তাদের গন্তব্যে পৌঁছতে কোনো ধরণের বাঁধার সম্মুখীন হতে হয়নি।
নগরে গণপরিবহন পেতে কিছুটা বেগ পেতে হয়েছে জনসাধারণের। তবে অবরোধ নিয়ে মাথাব্যথা নেই বলে জানিয়েছেন তারা । উল্লেখ্য, গত ২৯ অক্টোবরের পর এই প্রথম বরিশাল মহানগর বিএনপির নগরীতে প্রকাশ্যে অবরোধ ও সমর্থনে সরকার বিরোধী মিছিল সম্মিলিতভাবে বের হয়। অপরদিকে কেন্দ্রীয় যুবদল সহ সভাপতি এড. এইচ এম তছলিম উদ্দিনের নেতৃত্বে কেন্দ্রীয় যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিনের মিথ্যা মামলায় সাজা দেওয়ার প্রতিবাদে এবং অবরোধ সফল করার লক্ষ্যে বরিশাল দক্ষিণ জেলা যুবদল নগরীর আমতলা মোড় এলাকায় মিছিল করে।
এছাড়া বরিশাল ঢাকা মহাসড়কের জেলার উজিরপুরের জয়শ্রী এলাকায় রাত ৪ টায় গাছ কেটে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে অবরোধ কর্মসূচি পালন করে বরিশাল জেলা যুবদল নেতৃবৃন্দ। অপরদিকে মহানগর স্বেচ্ছাসেবকদল ও মহানগর ছাত্রদলসহ নগরীর ২৩ নং ওয়ার্ড বিএনপি বগুড়া রোড সড়কসহ দরগা বাড়ি সড়কে মিছিল করে বলে মহানগর বিএনপি দপ্তর সম্পাদক জাহিদুর রহমান রিপন বিষয়টি নিশ্চিত করেন।









































