বরিশালে ৭ দিনব্যাপী বিভাগীয় বইমেলা উপলক্ষে প্রেস কনফারেন্স

নভেম্বর ০৭ ২০২৩, ১৮:০১

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে গতকাল মঙ্গলবার বিকেলে নগরীর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে বিভাগীয় বইমেলা ২০২৩ উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।

বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক)মোঃ পারভেজ হাসান বিপিএএ, স্থানীয় সরকার উপ-পরিচালক গৌতম বাড়ৈ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনদীপ ঘরাইসহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দরা।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহযোগিতায় এবং বরিশাল বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত বরিশাল বিভাগীয় বইমেলা আগামী ৮-১৪ নভেম্বর প্রতিদিন বিকাল ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত বঙ্গবন্ধু উদ্যানে অনুষ্ঠিত হবে। ৭ দিনব্যাপী উক্ত বইমেলায় সরকারী বিভিন্ন দপ্তরের ১৯ টি প্রতিষ্ঠানসহ বাংলাদেশের স্বনামধন্য ৩৮ টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করবেন।

এছাড়াও ৯ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শিশু একাডেমি থেকে আগত শিক্ষার্থীদের নিয়ে কচিকাচাঁর উৎসব, চিত্রাংকন, বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। উক্ত আয়োজনের পাশাপাশি চলচ্চিত্র ও কথা সাহিত্য; সমসাময়িক সাহিত্য, সোশ্যাল মিডিয়ার ব্যবহার ও প্রাসঙ্গিকতা; বরিশালের সাহিত্য অথবা সাহিত্যে, অতীত, বর্তমান ও ভবিষ্যৎ বিষয়ক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সন্ধ্যা ৬.৩০ মিনিট হতে মেলা প্রাঙ্গণে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠণের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।

আগামী ৮ নভেম্বর বুধবার বিকাল ৪ টায় বইমেলার উদ্বোধন করবেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক,এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব নাফরিজা শ্যামা, বরিশাল রেঞ্চ ডিআইজি মোঃ জামিল হাসান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম, জাতীয় গ্রন্থকেন্দ্র’র পরিচালক মিনার মনসুর, জেলা প্রশাসক শহিদুল ইসলাম, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার মোঃ ইউনুস, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র পরিচালক নেসার উদ্দিন আয়ূব।

১৪ নভেম্বর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জননিরাপত্তা বিভাগের অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মোঃ আমিনুল ইসলাম খান। উভয় অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া