বরিশালে গোয়েন্দা সংস্থার ‘সহকারী পরিচালক’ সেজে প্রতারণা করতে গিয়ে যুবক গ্রেপ্তার
নভেম্বর ০৫ ২০২৩, ১৮:৪৭
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: গোয়েন্দা সংস্থার সহকারী পরিচালক পরিচয়ে বিভিন্ন অফিসে প্রায় সাত বছর ধরে চলছিল প্রতারণা। এবার পুলিশের সঙ্গে প্রতারণা করতে এসে পড়েছেন ধরা। বরিশালে ইকতাদুল ইসলাম রিজনের এমন কাণ্ডে হতবাক খোদ পুলিশ সদস্যরাই।
পুলিশের জালে ধরা পড়ার আগেও তিনি ছিলেন গোয়েন্দা সংস্থার কর্মকর্তা। আইডি কার্ড আর চালচলন দেখে বোঝার উপায় নেই তিনি প্রতারক। ২০১৭ সাল থেকে বিভিন্ন অফিসে নানা কাজ করতে প্রতারণার আশ্রয় নিয়ে আসছিলেন ইকতাদুল ইসলাম রিজন।
রোববার (০৫ নভেম্বর) বিকেলে বরিশাল মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের অফিসে নিজেকে রাষ্ট্রীয় একটি গোয়েন্দা সংস্থার সহকারী পরিচালক পরিচয় দিয়ে আটককৃত দুটি ব্যাটারিচালিত অটোরিকশার জরিমানা কমিয়ে দিতে বলেন তিনি। সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এক পর্যায়ে নিজেকে ভুয়া গোয়ন্দা কর্মকর্তা বলে স্বীকার করেন প্রতারক ইকতাদুল ইসলাম রিজন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের টিআই প্রশাসন বিদ্যুৎ চন্দ্র দে বলেন, গোয়েন্দা সংস্থার পরিচয়ে এমন কাণ্ডে হতবাক তারা। নিজ বাড়ি কুষ্টিয়ার দৌলতপুরে ভুয়া আইডি কার্ড তৈরি করে প্রতারণা করে আসছিলেন রিজন। খবর পেয়ে রিজনকে আটক করে পুলিশ।
মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার উপপুলিশ পরিদর্শক আরাফাত রহমান হাসান জানান ভুয়া পরিচয়ে প্রতারণার বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে । রিজন বরিশাল হাতেম আলী কলেজ থেকে পড়াশোনা করেছেন। ছোট বেলা থেকে পরিবারসহ কাশিপুর নানার বাড়িতে থাকেন তিনি।









































