বরিশালে তিন এনজিওর বিরুদ্ধে দুইশ একর জমি দখলের অভিযোগ
অক্টোবর ২৩ ২০২৩, ১৬:২৮
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালে তিনটি এনজিওর বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে প্রায় ২০০ একর জমি দখলের অভিযোগ উঠেছে। প্রতিবাদে, মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেন শত শত ভুক্তভোগী। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস পুলিশের। আর জমি দখলের প্রমাণ পেলে লাইসেন্স বাতিলের কথা জানায় সমাজসেবা অধিদফতর।
বরিশালের উজিরপুর উপজেলার শিবপুর গ্রামের আবদুল্লাহ বখতিয়ার। ২০১৯ সালের পাড়ি জমান প্রবাসে। ২ মাস আগে বাড়ি ফিরে জানতে পারেন তাদের ১৫৬ শতাংশ জমির পাশাপাশি বসতভিটার জমিও ভুয়া কাগজপত্রের মাধ্যমে দখল করে নিয়েছে বোসড ও পেনডামিক ফিশারিজ লিমিটেড নামের দুটি এনজিও। বাপ দাদার ভিটেমাটি হারিয়ে এখন দিশেহারা তিনি।
ভুক্তভোগী আবদুল্লাহ বখতিয়ার বলেন, ‘জমি হারিয়েছি। আমি চাই প্রশাসন আমাদের পাশে থাকুক। দ্রুত জমি ফিরে পেতে চাই।’ শুধু আবদুল্লাহ বখতিয়ারই নন। একই অবস্থা শিবপুর গ্রামের শতাধিক পরিবারের। তাদের অভিযোগ, বোসড, অন্বেষা ও পেনডামিক ফিশারিজ লিমিটেড নামের ৩টি এনজিও প্রতিষ্ঠান ১৯৬ একর জমি অবৈধভাবে দখল করেছে।
সম্প্রতি জালিয়াতির মাধ্যমে জমি দখলের প্রতিবাদে ভুক্তভোগী পরিবারগুলো আন্দোলনে নামে। মানববন্ধন ও ঝাড়ু মিছিলসহ নানা কর্মসূচি অব্যাহত রেখেছে তারা। কর্মসূচীতে যোগ দিয়েছেন জনপ্রতিনিধিরাও। সাতলা ইউনিয়নের চেয়ারম্যান শাহিন হাওলাদার বলেন, ‘বোসড, অন্বেষা ও পেনডামিক ফিশারিজ লিমিটেড নামের ৩টি এনজিও প্রতিষ্ঠান জমি দখল করেই যাচ্ছে। এরা খুবই শক্তিশালী। সবকিছু টাকা দিয়ে ম্যানেজ করে ফেলে তারা।’
অভিযুক্ত ভোসডের প্রতিষ্ঠাতা মোস্তাফিজুর রহমান ও চেয়ারম্যান ছাইদুর রহমান দুজনে মিলে খুলেছেন পেনডামিক ফিশারিজ লিমিটেড। এছাড়া শিবপুরে জমি আছে অন্বেষা এনজিওর। এ বিষয়ে তাদের সঙ্গে বারবার যোগাযোগ করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তবে ভোসডের আঞ্চলিক প্রধান মহাদেব দাস জানান, অন্বেষা এনজিওর শিবপুরে জায়গা থাকলেও বরিশালে এখন তাদের কার্যক্রম নেই। আর অভিযুক্ত মোস্তাফিজুর রহমান ও ছাইদুর রহমানের সঙ্গে বর্তমানে ভোসডের কোনো সম্পর্ক নেই।’
এ বিষয়ে বরিশালের পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বলেন, ‘গ্রামবাসীর কাছ থেকে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।’ সমাজসেবা অধিদফতরের উপপরিচালক এ কে এম আখতারুজ্জামান তালুকদার জানান, এনজিওগুলো বিরুদ্ধে জমি দখলের প্রমাণ পেলে অবশ্যই তাদের লাইসেন্স বাতিল করা হবে। সাতলা ইউনিয়নের শিবপুর গ্রামে প্রায় ২ হাজার মানুষ বসবাস করে। গ্রামটির অধিকাংশ পরিবারের সঙ্গেই এনজিওগুলোর জমিজমা নিয়ে দ্বন্দ্ব চলছে।









































