বরিশাল বিশ্ববিদ্যালয়ের হলে শিক্ষার্থী নির্যাতনের তদন্ত শুরু
অক্টোবর ১৬ ২০২৩, ১৯:২১
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বঙ্গবন্ধু হলের কক্ষে আটকে আবাসিক শিক্ষার্থী মুকুল আহমেদকে রাতভর নির্যাতনে পিটিয়ে হাত ভেঙে দেয়ার ঘটনার তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি ঘটনাস্থল ৪০১৮ নম্বর কক্ষ সিলগালা করেছে ববি কর্তৃপক্ষ।
সোমবার (১৬ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ববি প্রক্টর ড. খোরশেদ আলম। এই ঘটনায় রোববার আহত শিক্ষার্থী তার বাবা সাফিজ উদ্দীনের মাধ্যমে লিখিত অভিযোগ দিয়েছেন। ড. খোরশেদ জানান, রোববার গঠিত তিন সদস্যের কমিটি ইতোমধ্যে ঘটনা তদন্তে কাজ শুরু করে দিয়েছে। তারা আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবেন। প্রতিবেদনে উঠে আসা জড়িতদের বিরুদ্ধে ববি কর্তৃপক্ষের ইখতিয়ার অনুযায়ী ব্যবস্থা নেবে।
এই তদন্তকমিটির প্রধান করা হয়েছে ববির রসায়ন বিভাগের চেয়ারম্যান ড. নাজমুল কায়েসকে। অন্য সদস্যরা হলেন, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান রিফাত ফেরদৌস ও পদার্থ বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহফুজ আলম। বঙ্গবন্ধু হলের প্রভোস্ট আরিফ হোসেন জানান, মুকুলের লিখিত অভিযোগটি ববির কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির কাছে হস্তান্তর করে ব্যবস্থা নিতে অনুরোধ করেছি। এছাড়া ঘটনাস্থল ৪০১৮ নম্বর কক্ষটি অবৈধভাবে দখলে রাখায় তা সিলগালা করে দেয়া হয়েছে।
উল্লেখ্য গত বৃহস্পতিবার রাতে ববির প্রথম বর্ষের কয়েকজন শিক্ষার্থীকে দশম ব্যাচের (দ্বিতীয় বর্ষ) বড় ভাইয়েরা বঙ্গবন্ধু হলে ডাকেন। ইংরেজি বিভাগের দশম ব্যাচের দ্বিতীয় বর্ষের ছাত্র মুকুল বিষয়টি জানতে পেরে শিক্ষার্থীদের গ্রুপে এর প্রতিবাদ জানান।
এতে ক্ষিপ্ত হয়ে ইংরেজি বিভাগের অষ্টম ব্যাচের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছাত্রলীগের পরিচয়ধারী তানজিদ মঞ্জু ও সিহাব উদ্দিন ওই কক্ষে ডেকে নিয়ে রাতভর নির্যাতন চালায় বলে অভিযোগ ওঠে। তখন মুকুলকে অবরুদ্ধ করে মঞ্জু ও তার সহযোগী সিহাব কিলঘুষি, লাথি মারতে শুরু করে। একপর্যায়ে জিআই পাইপ ও কাঠ দিয়ে পিটিয়ে হাত ভেঙে দেয়া হয়। তারপর অজ্ঞান হয়ে পরলে রাত ৩টার দিকে ওই কক্ষে রেখে বাইরে থেকে তালা দিয়ে তারা চলে যায়। শুক্রবার সকালে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে শিক্ষার্থীরা।









































