বরিশালে পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা
অক্টোবর ০৮ ২০২৩, ১৯:২৫
নিজস্ব প্রতিবেদক ॥ বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে আজ রবিবার পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম,বিপিএম-বার এর সভাপতিত্বে মাসিক অপরাধ পর্যালােচনা সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই সভাপতি মহোদয় বিগত মাসের অর্থাৎ সেপ্টেম্বর-২৩ মাসের খাতওয়ারী অপরাধ চিত্র বা অপরাধ বিবরণীর সাথে পূর্ববর্তী মাস এবং পূর্বের বছরের সংশ্লিষ্ট মাসের খাতওয়ারী অপরাধ চিত্রের তুলনামূলক পর্যালােচনা করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট সকলকে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
এ সময় তিনি প্রো-একটিভ পুলিশিং এর উপর গুরুত্ব আরোপ করে মামলা তদন্ত, ওয়ারেন্ট তামিল, বি-রোল ইস্যু, সিডিএমএস ব্যবস্থাপনা, মাদক উদ্ধার, চুরি, দস্যুতা, ইভটিজিং, জঙ্গীবাদ, সাইবার ক্রাইম, বাল্য বিবাহ, কিশাের অপরাধ, পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন, ট্রাফিক ব্যবস্থাপনাসহ, ৯৯৯ সেবা, সমসাময়িক বিভিন্ন সমস্যা, আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যুতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
সভায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) হাসান মোঃ শওকত আলী, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) মোহাম্মদ নজরুল হোসেন, উপ-পুলিশ কমিশনার (ডিবি) জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) জাকির হােসেন মজুমদার, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ ও সাপ্লাই এন্ড লজিস্টিকস) আলী আশরাফ ভুঞা, বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম তানভীর আরাফাত পিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (উত্তর) বি এম আশরাফ উল্যাহ তাহের, সহ সিআইডি বরিশাল প্রতিনিধি, শেবাচিম হাসপাতালের প্রতিনিধি, বিএমপি’র অন্যান্য শীর্ষ কর্মকর্তা বৃন্দ, র্যাব-৮ বরিশাল এর প্রতিনিধি, পিবিআই, টুরিস্ট পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, এপিবিএন, ও অন্যান্য সংস্থার প্রতিনিধি এবং বিভিন্ন পদ-পদবীর পুলিশ সদস্যগণ।









































