ববি ছাত্রীর সঙ্গে চ্যাটিংয়ের জেরে যুবককে ছুরিকাঘাত

সেপ্টেম্বর ২৬ ২০২৩, ১৯:৫৬

নিজস্ব প্রতিবেদক ॥  বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক ছাত্রীর সঙ্গে ফেসবুকে কথোপকথনের জেরে শিক্ষার্থী রাফি সিকদারকে ছুরিকাঘাতে জখমের অভিযোগ উঠেছে। সোমবার রাতে নগরীর আমতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় আহত রাফি ববির আরেক শিক্ষার্থী সজলের বিরুদ্ধে অভিযোগ এনেছেন।

রাফিকে শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে হাসপাতালের চতুর্থ তলার সার্জারী বিভাগে ভর্তি করা হয়েছে। এদিকে সজলও রাফির বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছেন। ঘটনার পর আহত রাফির লোকজনের হামলা আহতের আংশকায় সজল স্বেচ্ছায় পুলিশের হেফাজতে যান বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ছুরিকাঘাতের শিকার আহত রাফি শিকদার সমাজ বিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের অনার্সের শিক্ষার্থী ।

মুশফিকুর রহমান সজল ববির ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১৮-১৯ সেশনের অনার্সের শিক্ষার্থী। আহত রাফির অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর সঙ্গে তার ফেসবুকের কথোপকথনের (চ্যাটিং) স্ক্রিনশট দেখিয়ে বেশ কদিন যাবৎ টাকা দাবি করে আসছিল ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১৮-১৯ সেশনের অনার্সের শিক্ষার্থী মুশফিকুর রহমান সজল।

টাকা দিতে অস্বীকৃতি জানালে সোমবার রাতে রাফিকে দেখা করতে বলে সজল। পূর্ব নির্ধারিত সময়ে ঘটনাস্থলে পৌঁছালে আমাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। কথা কাটাকাটির একপর্যায়ে পকেট থেকে ধারালো অস্ত্র বের করে আমার মাথায় এবং হাতে উপর্যুপরি আঘাত করে সজল।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. খোরশেদ আলম সোমবার রাতে বলেন, দুই জনের মধ্যে দ্বন্দ্বের খবর শুনেছি। বিশ্ববিদ্যালয়ের বাইরের ঘটনা সংগঠিত হওয়ায় বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখবে। বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, এই ঘটনায় কোন পক্ষ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এই বিষয়ে ববি ছাত্র অভিযুক্ত সজলে বক্তব্য জানতে মোবাইল ফোনে কল দিলে তাকে পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া