কৃপণ স্বামী থেকে রেহাই পেতে দুই সন্তান নিয়ে আত্মহত্যা নারীর
আগস্ট ১২ ২০২৩, ১৯:২২
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: স্বামী টাকা বাঁচিয়ে চলতেন। বেতনের অধিকাংশই জমা রাখতেন। এতে কষ্ট হত পরিবারের।কোনও রকম দিন কাটাতেন তারা। বিষয়টি সইতে না পেরে দুই সন্তান নিয়ে মৃত্যুর পথ বেছে নিলেন নারী। সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশের লখনউয়ের মারটিনপূর্বা এলাকায় এ ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মৃত্যুর আগে স্বামী রবি কুমারের জন্য একটি চিঠি রেখে গেছেন স্ত্রী সৌম্যা সিংহ। সেখান থেকেই প্রকাশ্যে এসেছে আত্মহত্যার কারণ। মৈথিলি ভাষার সেই চিঠিতে স্বামীর উদ্দেশ্যে সৌম্যা লিখেছেন, ‘আজকাল তুমি খালি টাকা জমাও।’
পুলিশ বলছে, রবি কুমার স্থানীয় একটি ক্লাবের কর্মচারী। অভিযোগ, তিনি যে টাকা বেতন পান তার বেশিরভাগই ভবিষ্যতের জন্য জমা রাখতেন।
এজন্য তার স্ত্রী সৌম্যা এবং সন্তানদের কষ্ট করে দিন কাটাতে হত। দীর্ঘ দিন ধরে এ নিয়ে মানসিক সমস্যায় ভুগছিলেন সৌম্যা। শেষ পর্যন্ত মৃত্যুর পথ বেছে নেন তিনি।
সৌম্যা এবং তার দুই সন্তানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবি জানিয়েছেন, রাত ২টার দিকে বাড়ি ফিরে তিনি দীর্ঘক্ষণ দরজা ধাক্কাধাক্কি করেন।
কিন্তু কেউ দরজা খোলেনি। বিরক্ত হয়ে জানালা দিয়ে উঁকি মারেন রবি। দেখতে পান, সিলিং থেকে লোহার রডে ঝুলছেন তার স্ত্রী এবং সন্তানেরা।
চিৎকার করে প্রতিবেশীদের জড়ো করেন তিনি। পুলিশকেও খবর দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, রবির দুই সন্তানের বয়স যথাক্রমে দুই ও তিন বছর। মা সৌম্যাই তাদের মেরে আত্মঘাতী হন।
তিন বছর আগে বিহারে বিয়ে হয়েছিল রবি এবং সৌম্যার। গত এক বছর ধরে পরিবারটি ভাড়া বাসায় থাকছিল। রবি পুলিশকে জানিয়েছেন, ঘটনার দিন সকালে খাওয়ার সময়েও সবাই হাসিখুশি ছিল। তাদের মধ্যে কোনও ঝগড়া হয়নি।









































