বরিশাল বিশ্ববিদ্যালয়ে রাস্তার বেহাল দশা, নেই ড্রেনেজ ব্যবস্থা
আগস্ট ০৮ ২০২৩, ২০:২৯
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) রাস্তার বেহাল দশা। নেই কংক্রিট বা পিচের রাস্তা। বৃষ্টি হলেই ইটের রাস্তায় স্যাঁতসেঁতে ও পানি জমে যায়। ইটের রাস্তায় নেই ট্রেনেজ ব্যবস্থাও। প্রশাসনিক ভবনের সামনের অভ্যন্তরীণ রাস্তায় বৃষ্টি হলেই ভোগান্তি পোহাতে হয় শিক্ষার্থীদের।
এটি বিশ্ববিদ্যালয়ের মূল পথের একটি হওয়ায় বেহাল দশা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষক- কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এছাড়া ড্রেনেজ ব্যবস্থা না থাকায় হালকা বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হয়। ক্যাম্পাসের অভ্যন্তরীণ কয়েকটি রাস্তা ও ছয়দফা বেদীর আশেপাশে পানিতে তলিয়ে থাকে।
জমা পানি দুর্গন্ধ ছড়ায় ও এডিস মশা সৃষ্টি করে। ফলে বর্ষা ও এরপরপরই মশার উপদ্রবে অতিষ্ঠ হয়ে উঠতে পারে ক্যাম্পাস।সন্ধ্যার পর কোথাও বসার স্থান নেই। বিভিন্ন স্থান গুলোতে পানি আর জঙ্গলে ভরা। এ নিয়ে প্রশাসনকে অবহিত করা হলেও কোন সদুত্তর পাওয়া যায় না।
কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা হয় এই প্রতিবেদকের। নাম না প্রকাশ করার শর্তে তারা জানান, কয়েকদিন আগেই বিশ্ববিদ্যালয়ের মূল রাস্তাগুলো ইট দ্বারা উঁচু ও মেরামত করা হয়েছে।
রাস্তাটির একপাশে উঁচু করে গ্যারেজ তৈরি করা হয়েছে আর অন্য পাশে উঁচু করে ডাম্পিং হাউজ তৈরি করা হয়েছে। দুই পাশ উঁচু থাকায় রাস্তাটি একটি খাদ পরিনত হয়েছে।
বৃষ্টি হলেই এই খাদ ছোট নালায় পরিণত হয়। তাছাড়া ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় আলোর স্বল্পতাও রয়েছে। শেখ ফজিলাতুন্নেছা হলের রাস্তায় তেমন নেই আলোর ব্যবস্থা। সব মিলিয়ে বাড়তি ভোগান্তি পোহাতে হয় তাদের।
এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোশাহিদ আনসারী বলেন, রাস্তার এই বেহাল অবস্থা কি প্রশাসনের চোখে পড়ে না? রাস্তায় এত পানি জমে থাকলে চলা ফেরার ব্যাপক সমস্যা হয়।
প্রশাসন কি আসলেই কানা হয়ে গেছে! সাধারণ শিক্ষার্থীদের দিকে তাকিয়ে অন্ততো এগুলো যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত। ভোগান্তির কথা জানিয়ে ব্যবস্থাপনা অধ্যায়ন বিভাগের শিক্ষার্থী মো. বিপ্লব বলেন, এ রাস্তায় একটানা বৃষ্টি হলেই বাড়ে জলাবদ্ধতা ও কাদা জমে যাওয়ার ফলে চলাচলে অনেক সমস্যা সৃষ্টির হয়।
জলাবদ্ধতা রোধে দ্রুত প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করা দরকার। পাশাপাশি রাস্তাগুলো সংস্কারে করা উচিত। রাস্তা মেরামতের ব্যাপারে প্রধান প্রকৌশলী মো. মুরশীদ আবেদীন বলেন, এই অর্থবছরের টাকা শেষ হওয়ায় আমরা আর কোনো কাজ ধরতে পারবো না। আগামী বছরে এর কাজ ধরার চেষ্টা করা হবে। আমরা আশা করছি আগামী বছর এর কাজ করতে পারবো।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মো.ছাদেকুল আরেফিন এর সাথে মুঠোফোনে কয়েকবার যোগাযোগ করা হলেও তাঁকে পাওয়া যায়নি।









































