বরিশালে প্রেমিক যুগল আটক

আগস্ট ০৩ ২০২৩, ১৯:০০

নিজস্ব প্রতিবেদক ॥ জেলার গৌরনদী উপজেলার বাটাজোর এলাকা থেকে প্রেমিক যুগলকে আটক করেছে থানা পুলিশ। এ ঘটনায় প্রেমিকার মা বাদী হয়ে প্রেমিক নবীন তালুকদারের (২১) বিরুদ্ধে থানায় অপহরণ মামলা দায়ের করেছেন। আটককৃত নবীন উপজেলার বড় কসবা গ্রামের মোকলেস তালুকদারের ছেলে।

এজাহারের বরাত দিয়ে গৌরনদী মডেল থানার এসআই মো. শাহজাহান জানান, বুধবার (২ জুলাই) বিকেলে প্রাইভেট পরে ফেরার পথে গৌরনদীর মদিনাষ্ট্যান্ড নামক এলাকা থেকে অনার্স প্রথম বর্ষের ছাত্রীকে তুলে নিয়ে যায় নবীন।

এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে থানায় অপহরনের অভিযোগে একটি মামলা দায়ের করেন। পুলিশ ওইদিন দিবাগত ভোররাতে অভিযান চালিয়ে বাটাজোর এলাকা থেকে নবীনকে আটকের পাশাপাশি অপহৃতা তরুনীকে উদ্ধার করে।

এসআই আরও জানান, আটককৃত নবীনকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ ও তরুনীকে ডাক্তারী পরীক্ষার জন্য শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। তবে গ্রেপ্তারকৃত নবীন তালুকদারের দাবী, অপহরণ নয়; মূলত প্রেমের সম্পর্কের জেরধরে তারা পালিয়েছিলো।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া