পাকিস্তানে রাজনৈতিক সম্মেলনে বোমা হামলা, নিহত ৩৫
জুলাই ৩০ ২০২৩, ২০:৩১
নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানের প্রবীণ রাজনীতিবিদ মাওলানা ফজলুর রহমানের দল জমিয়ত উলামা ইসলাম-ফজলের (জেইউই-এফ) একটি সম্মেলনে ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটেছে।
এতে কমপক্ষে কমপক্ষে ৩৫ জন নিহত ও ৮০ জন আহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, হামলায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
রোববার (৩০ জুলাই) বিকেল ৪টার দিকে খাইবার পাখতুনখোয়ার বাজুয়ার বিভাগে এ হামলার ঘটনা ঘটে। বাজুয়ার বিভাগের জরুরি কর্মকর্তা সাদ খান জানান,এ হামলায় দলটির গুরুত্বপূর্ণ নেতা মাওলানা জিয়াউল্লাহ জান প্রাণ হারিয়েছেন।
আহতদের পেশোয়ার ও তিমারগেরার হাসপাতালে নেওয়া হচ্ছে। টেলিভিশনের ক্যামেরায় ধারণকৃত ভিডিওতে দেখা যায়, হামলার পরপরই সেখানে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স উপস্থিত হয়েছে। ঘটনাস্থলের ও আশেপাশের এলাকায় জনসাধারণের চলাফেরা বন্ধ করে দিয়েছে পুলিশ।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের কাছে জেইউই-এফের জ্যেষ্ঠ নেতা হাফিজ হামদুল্লাহ বলেছেন, এ সম্মেলনে তারও উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু ব্যক্তিগত কারণে যেতে পারেননি। হামলার নিন্দা জানিয়ে দোষীদের বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন তিনি।








































