চীনে স্কুলের ছাদ ধসে নিহত ১০
জুলাই ২৪ ২০২৩, ১২:০০
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: চীনের উত্তরপূর্বাঞ্চলীয় অঞ্চলে একটি স্কুল জিমের ছাদ ধসে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন আরও একজন। তাদের উদ্ধার অভিযানে ৩৯টি ট্রাকসহ ১৬০ জন দমকলকর্মী কাজ করছে।
সোমবার (২৪ জুলাই) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ায় বরাত দিয়ে এ তথ্য জানায় বার্তা সংস্থা এএফপি। এর আগে স্থানীয় সময় রোববার (২৩ জুলাই) বিকাল ৩টার দিকে চীনে হেইলংজিয়াং প্রদেশের কিকিহার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রাথমিক তদন্তে জানা যায়, নির্মাণকর্মীরা ছাদে পার্লাইট রাখায় ভারী বৃষ্টিপাতে এটি প্রসারিত হয়ে ছাদ ধসে পড়ে। এ ঘটনায় নির্মাণ প্রতিষ্ঠানটির দায়িত্বে থাকা ব্যক্তিদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সোমবার ভোর পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ১৪ জনকে উদ্ধার করা হয়েছে, যাদের ৪ জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। জীবিতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আরও ছয়জনের মৃত্যু হয়।
উল্লেখ্য, ২০১৫ সালে চিনের তিয়ানজিনে একটি রাসায়নিক কারখানায় এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ১৬৫ জনের প্রাণহানি ঘটে।









































