বরিশালে ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ
জুলাই ২৩ ২০২৩, ২০:৪১
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের সোনারগাঁও টেক্সটাইল মিলে ঘোষিত লে-অফ অযৌক্তিক দাবি এবং বকেয়া বেতনের দাবিতে ঘণ্টাব্যাপী ঢাকা-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা। রোববার দুপুরে সোনারগাঁও টেক্সটাইলের সামনের মহাসড়কে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ হয়।
এতে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। পরে কারখানা কর্তৃপক্ষ লে-অফ প্রত্যাহার করে ১ আগস্ট থেকে কারখানা চালু ও বকেয়া বেতন প্রদানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন শ্রমিকরা।
নির্ধারিত সময়ের মধ্যে কারাখানা কর্তৃপক্ষ তাদের আশ্বাস বাস্তবায়ন না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা।এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) জেলা সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা শাখার দপ্তর সম্পাদক সহিদুল ইসলাম, সদস্য সন্তু মিত্র, সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের সভাপতি মাসুম গাজী ও সাধারণ সম্পাদক মো. ইমরান প্রমুখ।









































