বরিশালে ইভিএম ভোটে সমস্যা: মিলছে না ফিঙ্গারপ্রিন্ট!
জুন ১২ ২০২৩, ১৩:২৭
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সকাল থেকে চলছে বরিশাল সিটি কর্পোরেশন (বসিক) নির্বাচন। সকাল ৮টা থেকে নগরীর ৩০টি ওয়ার্ডের ১২৬টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে; বিরতিহীনভাবে এ ভোটগ্রহণ চলবে বিকাল চারটা পর্যন্ত।
নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট দেওয়া নিয়ে ভোটারদের মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। একাধিক ভোট কেন্দ্রে ইভিএমে ভোট দিতে সমস্যায় পড়েছেন কয়েকজন ভোটার।
নগরীরর ৮ নং ওয়ার্ডের খাজা মঈনউদ্দীন মাদ্রাসা কেন্দ্রের ৮টি বুথের প্রতিটিতেই ৪-৫ জন ভোটারের আঙ্গুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) মেলেনি। এদের সবাইকে দুপুরের পরে আবার আসতে বলা হয়েছে।
ওই কেন্দ্রের ভোটার শেফালী রানী দাস বলেন, সকালে দীর্ঘ লাইন না থাকায় ভোট দিতে তার সময় লেগেছে ১০ মিনিট। তিনি বলেন, বেশিরভাগই প্রথমবারের মতো ইভিএমের মাধ্যমে ভোট দিতে এসেছেন। এটি নারীদের জন্য এক ধরনের ঝামেলা তৈরি করেছে।
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বলেন, যাদের ফিঙ্গারপ্রিন্ট মিলছেনা তাদের জন্য সময় নিয়ে চেষ্টা করা হচ্ছে। যদি একেবারেই মেলানো সম্ভব না হয় তবে সহকারী প্রিজাইডিং অফিসারের ফিঙ্গারের মাধ্যমে তারা ভোট দিতে পারবেন।
এভাবে কতজন ভোটার একটি বুথে ভোট দিতে পারবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার জানামতে ১ থেকে ২ শতাংশ ভোট এভাবে দিতে পারবেন।
সদর রোড, গীর্জামহল্লা বাজাররোড, বরিশাল কলেজ রোড, রুপাতলী, বাংলাবাজার এলাকার কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শনে দেখা গেছে, লাইনে দাঁড়ানো থেকে শুরু করে ইভিএমের বোতাম চেপে ভোট দিতে নারী ভোটারদের ৫ থেকে ১০ মিনিট পর্যন্ত সময় লাগছে। কারো কারো ক্ষেত্রে আরো বেশি সময় লাগছে।
সরকারি বরিশাল কেন্দ্রের ভোটার দুলাল দেবনাথ নামের এক ভোটার জানান, তিনি সাড়ে আটটার সময় ভোট দিতে এসেছেন।
ইভিএম মেশিনের সমস্যা হয় তিনি ভোট দিতে পারেননি। তাকে কক্ষে বসিয়ে রাখা হয়েছে মেশিন ঠিক হলে তিনি ভোট দিবেন।
সরকারি বরিশাল কলেজ কেন্দ্রের পিজাইডিং অফিসার মনোয়ার হোসেন দিপু বলেন, তার কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১৮২৬ জন।
কেন্দ্রের ছয়টি বুথে সকাল আটটা থেকে শুরু করে ৯:৩০ পর্যন্ত মোট ভোট পড়েছে ১৫১ টি। কেন্দ্রের ১ নং কক্ষে ইভিএম মেশিনে সমস্যা হয় সেখানে ভোট পড়েছে মাত্র ১২ টি।
তিনি বলেন, টেকনিক্যালের সমস্যা সমাধানের জন্য আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি। সমাধান হলেই ঐ কক্ষে পুনরায় ভোট শুরু হবে।
শহরের ৮ নং ওয়ার্ডের মমতাজ মজিদুনন্নেছা মাধ্যমিক স্কুল ভোটকেন্দ্রে নারী ভোটারের উপস্থিতি এতই কম যে, বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই এখানে ভোট চলছে। ভেতরে গিয়ে কয়েকজন নারীকে পাওয়া যায়, যারা ভোট দিচ্ছিলেন।
ওই কেন্দ্রে মোট নারী ভোটারের সংখ্যা এক হাজার ১১৭ জন। এরমধ্যে সকাল সাড়ে দশটা পর্যন্ত ভোট পড়েছে মাত্র ২০০টি।
এ ব্যাপারে জানতে চাইলে ওই ওয়ার্ডের কাউন্সিলর প্রাথী অরুন দাস বলেন, নারীদের ঘরে অনেক কাজ থাকে। রান্নাবান্না আছে। আশা করছি দুপুরের পরে তাদের উপস্থিতি বাড়বে।









































