বিসিসি নির্বাচন
জমা দেওয়া হয়েছে নৌকার প্রার্থীর মনোনয়ন ফরম
মে ১৪ ২০২৩, ১৯:১৪
নিজস্ব প্রতিবেদক ॥ আসন্ন বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের মনোনয়ন ফরম জমা দেওয়া হয়েছে।
রবিবার দুপুরে প্রার্থীর পক্ষে রির্টানিং কর্মকতা মো. হুমায়ুন কবিরের কাছে মনোনয়ন ফরম জমা দিয়েছেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা। জানা গেছে, দুপুর সাড়ে বারোটার দিকে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম, অ্যাডভোকেট কেএস আহমেদ কবির, অ্যাডভোকেট লস্কর নুরুল হক, অ্যাডভোকেট আনিচ উদ্দিন সহিদ, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুক হক খান মামুন, ওয়াকার্স পার্টির জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ মো. টিপু সুলতান রিটানিং কর্মকর্তার কাছে নৌকার প্রার্থীর মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়ন ফরম জমা শেষে মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাতের প্রধান নির্বাচন এজেন্ট আফজালুল করিম বলেন, আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী হচ্ছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে। পাশাপাশি খোকন সেরনিয়াবাতের হাতে নৌকা প্রতীক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তাই আমরা শতভাগ বিশ্বাস করছি, বরিশালে নৌকার বিজয় মানেই প্রধানমন্ত্রীকে বিজয়ী করা। পাশাপাশি আমাদের মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাতের মাধ্যমেই দীর্ঘদিনের ভাগ্যোন্নয়ন বঞ্চিত বরিশাল নগরীর উন্নয়ন করা সম্ভব হবে। তাই আগামী ১২ জুনের নির্বাচনে নগরীর ভোটাররা তাকে মেয়র নির্বাচিত করে উন্নয়নের মাধ্যমে একটি তিলোত্তমা বরিশাল নগরীর গড়তে একযোগে কাজ করবেন বলে আমরা শতভাগ বিশ্বাস করছি। আফজালুল করিম আরও বলেন, বরিশাল নগরীতে আনেকগুলো সমস্যা রয়েছে। তারমধ্যে প্রধান সমস্যা হচ্ছে হোল্ডিং ট্যাক্স।
আমাদের প্রার্থী খোকন সেরনিয়াবাত ইতোমধ্যে ঘোষণা করেছেন, তাকে মেয়র নির্বাচিত করা হলে বাসা বাড়ির মালিকদের ঘারে করের খড়গ কমানো হবে। পাশাপশি নগরবাসীর যথাযথ সম্মান ফিরিয়ে দেওয়া হবে।
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের রির্টানিং অফিসার ও খুলনার অঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহর পক্ষে তার প্রতিনিধিরা মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এছাড়া আলী হোসেন নামের এক স্বতন্ত্র প্রার্থীও মনোনয়ন ফরম জমা দিয়েছেন।









































