ঘূর্ণিঝড় মোখা: মিয়ানমারে বিমানবন্দরে ধস, রাস্তায় পানি, নিহত ৩

মে ১৪ ২০২৩, ১৮:৩৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঘূর্ণিঝড় মোখার আঘাতে মিয়ানমারের রাখাইনে একটি বাড়ির ছাদ ভেঙে পড়ে অন্তত তিনজন নিহত হয়েছেন।

বার্তা সংস্থা ইউএনবির প্রতিবেদনে বলা হয়েছে, ‘‘ঘূর্ণিঝড় মোখার কেন্দ্রটি রোববার বিকালে মিয়ানমারের রাখাইন রাজ্যের সিত্তওয়ে শহরের কাছে ২০৯ কেপিএম (১৩০ মাইল প্রতিঘণ্টায়) গতিতে আছড়ে পড়েছে।

মিয়ানমারের সামরিক তথ্য অফিস জানিয়েছে, ঝড়ের কারণে সিত্তওয়ে, কিয়াউকপিউ ও গওয়া শহরে ঘরবাড়ি, বৈদ্যুতিক ট্রান্সফরমার, সেল ফোন টাওয়ার, নৌকা ও ল্যাম্পপোস্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘূর্ণিঝড়ে দেশের বৃহত্তম শহর ইয়াঙ্গুন থেকে প্রায় ৪২৫ কিলোমিটার (২৬৪ মাইল) দক্ষিণ-পশ্চিমের কোকো দ্বীপপুঞ্জের ক্রীড়া ভবনগুলোর ছাদও ধসে পড়েছে।

সিত্তওয়ে আশ্রয়কেন্দ্রের স্বেচ্ছাসেবী টিন নিন ওও বলেছেন, সিত্তওয়ের তিন লাখ বাসিন্দার মধ্যে চার হাজারেরও বেশি মানুষকে অন্য শহরে সরিয়ে নেওয়া হয়েছে এবং ২০ হাজারেরও বেশি মানুষ শহরের উচ্চভূমিতে অবস্থিত মঠ, প্যাগোডা ও স্কুলের মতো মজবুত ভবনগুলোতে আশ্রয় নিচ্ছেন।’’

এদিকে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাখাইন রাজ্যের থানদউয়ে বিমানবন্দরে একটি ভবন ধসে পড়েছে। এছাড়া প্রবল ঝড়বৃষ্টির সাথে বাড়তে শুরু করেছে পানির প্রবাহ, ইতোমধ্যে সিতওয়েতে হাঁটু পানি জমে গেছে। বাসিন্দারা জরুরি সাহায্যের আবেদন জানাচ্ছেন কর্তৃপক্ষের দেয়া বিভিন্ন নম্বরে।

মিয়ানমারে বিবিসির সংবাদদাতারা জানাচ্ছেন, দুপুর ১২টার পর থেকেই বৃষ্টি এবং দমকা হাওয়া বাড়তে শুরু করে। এর প্রভাবে বিভিন্ন জায়গায় বসতবাড়ি বিশেষ করে টিনের বাড়িঘর এবং অস্থায়ী আবাস ভেঙ্গে পড়তে শুরু করে। অনেক বাড়ির টিনের চাল উড়ে গেছে ঝড়ে।

 

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া