চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত ৬২ হাজার ছাড়ালো
ডিসেম্বর ২৫ ২০২২, ১৮:৫৪
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারোও মৃত্যু হয়নি। তবে এই সময়ে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯ জন।
আক্রান্তদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ জন।
এর আগের দিন শনিবার ডেঙ্গুতে দুইজনের মৃত্যু এবং আক্রান্ত হয়েছিলেন ৮৯ জন। এই নিয়ে চলতি মাসের ২৫ দিনে ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৬৬৩ জন এবং মৃত্যু হয়েছে ২২ জনের।
আর চলতি বছরে দেশে মোট ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ২১ জন এবং চলতি বছরে মোট মৃত্যু হয়েছে ২৭৬ জনের ।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এই তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে সর্বমোট ৪৮৫ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
এর মধ্যে ঢাকার ৪৭টি সরকারি- বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ২৭১ জন।
এছাড়া গত ২৪ ঘন্টায় বেশি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বোচ্চ ভর্তি রয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৩৩ জন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ২৩ জন, পুলিশ হাসপাতাল রাজারবাগে ২১ জন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ২০ জন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে ১৮ জন এবং বাংলাদেশ শিশু স্বাস্থ্য ইনস্টিটিউটে ১৭ জন রোগী ভর্তি আছেন।
এছাড়া চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬১ হাজার ২৬০ জন রোগী।









































