পিরোজপুরে বাণিজ্য মেলায় চলছে লাকি কুপন নামের সর্বনাশা লটারির জুয়া!

মার্চ ০৫ ২০২৩, ১৯:৪০

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পিরোজপুরে মাসব্যাপী বাণিজ্য মেলায় চলছে লাকি কুপন নামের সর্বনাশা লটারির জুয়া। আকর্ষণীয় বিভিন্ন পুরস্কার ঘোষণা করে প্রতিদিন শহর ছাড়াও গ্রামগঞ্জে লটারির টিকেট বিক্রি করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।

প্রকাশ্যে এসব অবৈধ লটারির টিকেট বিক্রি ও লটারির কার্যক্রম চললেও রহস্যজনকভাবে নিরব ভূমিকা পালন করছে প্রশাসন। গত ১৬ ফেব্রুয়ারি পিরোজপুর জেলা স্টেডিয়াম মাঠে চেম্বার অব কমার্সে আয়োজনে মাসব্যাপী এই মেলা শুরু হয়।

মেলা উদ্বোধনের পরদিন থেকেই শুরু হয় সর্বনাশা লটারির টিকেট বিক্রি। মেলার গেট ছাড়াও শহরের বিভিন্ন মোড়ে মোড়ে চেয়ার টেবিল বসিয়ে মেলার আয়োজক কমিটির লোকজন ২০ টাকা মূল্যে লটারির টিকেট বিক্রি করে আসছে সকাল থেকে রাত ১০টা পর্যন্ত।

এছাড়াও বিভিন্ন উপজেলা পর্যায়ে অটোরিকশায় মাইকিং করে ঘুরে ঘুরে লটারির টিকেট বিক্রি করা হচ্ছে। সারাদিন টিকেট বিক্রি শেষে রাত সাড়ে ১০টায় মেলা চত্বরে লটারি ড্র অনুষ্ঠিত হয়।

যদিও মেলার অনুমতি কাগজে উল্লেখ আছে লটারি টিকিট মেলা প্রাঙ্গণের বাহিরে বিক্রি করতে পারিবে না তারপরও প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে জেলা জুড়ে সর্বনাশা লটারি টিকিট বিক্রি চলছে।

গাভী, মোটরসাইকেল, ফ্রিজসহ আকর্ষণীয় পুরস্কার ঘোষণা করায় নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের লোকজন টিকেট কিনতে হুমড়ি খেয়ে পড়ছেন।

দিনমজুর শ্রেণির লোকজন যা আয় করছেন সেই টাকায় বাড়ির বাজার না করে লটারির টিকেট কিনে বাড়ি ফিরছেন। আবার অনেকেই মোটরসাইকেল পুরস্কার পাওয়ার আশায় প্রতিদিন অসংখ্য টিকেট কিনেও মোটরসাইকেল পাচ্ছেন না।

পিরোজপুর বারের সিনিয়র এক আইনজীবী বলেন, আকর্ষণীয় পুরস্কারের ফাঁদে ফেলে লটারির নামে জুয়া চলছে। অথচ পিরোজপুরের প্রশাসন ও সুশীল সমাজ নিরব।

চেম্বার অব কমার্স আয়োজনে চলা মেলায় লটারি জুয়া চালানোর দায় জেলা প্রশাসন এড়াতে পারেন না। এভাবে প্রতিদিন লটারি চলতে থাকলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে সাধারণ মানুষ নিঃস্ব হয়ে অপকর্মে জড়িয়ে পড়বে।

পিরোজপুর জেলা প্রশাসক মো. জাহিদুর রহমান বলেন, মেলায় লটারি চালানোর কোনো প্রকার অনুমোদন দেওয়া হয়নি। শুধু মাত্র দর্শনার্থীদের ক্রয় করা প্রবেশ টিকিটে ড্র করার অনুমতি আছে। কিন্তু এর শর্ত উপেক্ষা করে কেউ যদি মাইকিং করে লটারির টিকিট বিক্রি করে তা হলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।

মেলার আয়োজক সংস্থা পিরোজপুর চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের সভাপতি ও পৌরসভা মেয়র হাবিবুর রহমান মালেক বলেন, মেলা চালানোর ক্ষেত্রে জেলা প্রশাসন যে সকল শর্তসমূহ দিয়েছে, তা না মানলেতো বিপদ। যেভাবে মাইকিং করে লটারির টিকিট বিক্রি করছে, বলা হচ্ছে সেটা বেআইনি। খোঁজ-খবর নিয়ে এই ধরনের কার্যকলাপ বন্ধে উদ্যোগ নেওয়া হবে।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও