‘আওয়ামী লীগ থেকে বিএনপি’

নভেম্বর ২৩ ২০২৬, ০৩:৩০

আমার বরিশাল ডেস্ক,

বরিশাল ॥ রাজনৈতিক পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে গেছে রাজনৈতিক পরিচয়ের সাইনবোর্ড। আওয়ামী লীগ সরকারের আমলে জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত জীবন বীমা কর্মচারী ইউনিয়নের বরিশাল আঞ্চলিক কমিটিতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করা কয়েকজন নেতার বিরুদ্ধে এবার বিএনপির জাতীয়তাবাদী শ্রমিকদলের অন্তর্ভুক্ত জীবন বীমা জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়নের নেতৃত্বে আসার অভিযোগ উঠেছে। সংগঠনের নাম ও রাজনৈতিক পরিচয় বদলে একই ব্যক্তিদের নেতৃত্বে থাকার ঘটনায় বরিশাল জীবন বীমা করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।

অভিযোগের কেন্দ্রে রয়েছেন সাবেক কমিটির প্রচার সম্পাদক মো. কামাল উদ্দিন হাওলাদার এবং কার্যনির্বাহী সদস্য গাজী মঞ্জুরুল ইসলাম ও কামরুল সিকদার। তাঁরা দীর্ঘদিন আওয়ামী লীগ সরকারের আমলে জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত জীবন বীমা কর্মচারী ইউনিয়নের বরিশাল আঞ্চলিক কমিটির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ও দলীয় অনুষ্ঠানে তাঁদের সক্রিয় অংশগ্রহণ এবং নেতৃত্ব দিতে দেখা গেছে। অথচ রাজনৈতিক পটপরিবর্তনের পর তাঁদেরই নতুন রাজনৈতিক পরিচয়ে জাতীয়তাবাদী শ্রমিকদলের অন্তর্ভুক্ত সংগঠনের গুরুত্বপূর্ণ পদে দেখা যাচ্ছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। শেখ হাসিনা দেশত্যাগের পর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক পরিবর্তন আসে। পরবর্তী সময়ে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠন করে। এই পরিবর্তনের পর জীবন বীমা কর্মচারী ইউনিয়নের বরিশাল আঞ্চলিক কমিটির নেতৃত্বে সাবেক আওয়ামী লীগপন্থী নেতাদের পুনরাবির্ভাব নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্ট কর্মচারীদের একাংশ।

নাম প্রকাশ না করার শর্তে জীবন বীমা করপোরেশনের বরিশাল আঞ্চলে কর্মরত একাধিক কর্মচারী অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময় সংগঠনের পদ-পদবি ব্যবহার করে কামাল উদ্দিন হাওলাদার, গাজী মঞ্জুরুল ইসলাম ও কামরুল সিকদারসহ কয়েকজন তাঁদের ওপর প্রভাব বিস্তার করতেন। তাঁদের বিরুদ্ধে বিএনপিপন্থী কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহার, হয়রানি ও নির্যাতনের অভিযোগও করেন তাঁরা।

কর্মচারীদের ভাষ্য, রাজনৈতিক পটপরিবর্তনের পর তাঁরা আশা করেছিলেন, অতীতের বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের প্রভাব থেকে মুক্তি মিলবে। কিন্তু বাস্তবে সংগঠনের নাম ও রাজনৈতিক পরিচয় পরিবর্তন হলেও নেতৃত্বে দেখা যাচ্ছে পুরোনো মুখ। তাঁদের প্রশ্ন, অতীতে আওয়ামী লীগপন্থী সংগঠনের গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিরা কীভাবে নতুন রাজনৈতিক পরিচয়ে বিএনপিপন্থী শ্রমিক সংগঠনের নেতৃত্বে এলেন?

বিশেষ করে মো. কামাল উদ্দিন হাওলাদারের সভাপতির দায়িত্ব পাওয়া এবং তাঁর সহযোগী হিসেবে পরিচিত গাজী মঞ্জুরুল ইসলাম ও কামরুল সিকদারের নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা নিয়ে কর্মচারীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। তাঁদের মতে, রাজনৈতিক পরিচয় পরিবর্তন করলেই অতীতের কর্মকাণ্ডের দায় এড়ানো যায় না। সংগঠনের নেতৃত্বে স্বচ্ছতা, জবাবদিহি ও প্রকৃত শ্রমিকস্বার্থের প্রতিফলন থাকা প্রয়োজন।

এদিকে, বিষয়টি নিয়ে বরিশাল জীবন বীমা করপোরেশনের কর্মচারীদের পাশাপাশি স্থানীয় শ্রমিক সংগঠনসংশ্লিষ্ট মহলেও আলোচনা চলছে। তবে অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট নেতাদের বক্তব্য, নতুন কমিটি গঠনের প্রক্রিয়া এবং তাঁদের বর্তমান সাংগঠনিক অবস্থান সম্পর্কে আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া গেলে প্রতিবেদনটি আরও পূর্ণাঙ্গ হবে।

সংশ্লিষ্টদের কাছে প্রশ্ন—রাজনৈতিক পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে সংগঠনের পরিচয় বদলালেও নেতৃত্বে পুরোনো ব্যক্তিদের বহাল রাখার পেছনে কী কারণ রয়েছে? অতীতের কর্মকাণ্ডের অভিযোগ যাচাই করে শ্রমিক সংগঠনে নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা হবে কি না, এখন সেটিই কর্মচারীদের আলোচনার বিষয়।

অভিযোগের বিষয়টি নিয়ে অভিযুক্ত বিএনপির জাতীয়তাবাদী শ্রমিকদলের অন্তর্ভুক্ত জীবন বীমা জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়নের বর্তমান বরিশাল আঞ্চল কমিটির সভাপতি পদে দায়িত্বে পালন করা মোঃ কামাল উদ্দিন হাওলাদার এর কাছে উল্লেখিত অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি প্রথমেই বলেন আমি কোন সময় আওয়ামী লীগ করিনি। আর যদি আমি আওয়ামী লীগ করতাম তাহলে কি আমাকে বিএনপির কমিটিতে পদ দিতো। উল্লেখিত আওয়ামী লীগের জাতীয় প্রোগ্রাম সহ দলের সকল অনুষ্ঠানে আওয়ামী লীগের লোগো পরিত গায়ে গেঞ্জি পড়ার বিষয়ে জানতে চাইলে এবং বিভিন্ন সময়ের আওয়ামী লীগের ব্যানারে মিছিলের নেতৃত্ব দেওয়ার বিষয়ে জানতে চাইলে কামাল বলেন ভাই সবই তো বুঝেন। তবে আমি এখন বিএনপি করি।

আওয়ামী লীগের কমিটিতে পদে থাকা নেতা কামাল হাওলাদার সিকদার, তাকে বর্তমান বিএনপি জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত জীবন বীমা জাতীয়তাবাদী বরিশাল শাখা কমিটির সভাপতি পদে দেওয়া হয়েছে এ বিষয়ে জীবন বীমা জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ঢাকা রূপনগর থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শামসুল আলম এর কাছে জানতে চাইলে তিনি বলেন যারা কমিটির গুরুত্বপূর্ণ পদে এবং কমিটিতে না থাকে তারা ব্যক্তিগতভাবে যেকোনো দলের জাতীয় প্রোগ্রাম এবং অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করতে পারে কি না প্রশ্নের উত্তরে তিনি বলেন, কমিটি অনুমোদনের বিষয়টি মূলত এটা আমি দেখি না । এটা দেখেন সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদক আপনি বিষয়টি তাদের সাথে কথা বলেন।

কমিটির কোন ব্যক্তি বিএনপির কমিটিতে থাকতে পারবে কিনা প্রতিবেদক তাকে তাকে প্রশ্ন করলে তিনি প্রতিবেদকের প্রশ্নের উত্তরে বলেন, আপনি দেখেন আমাদের হেড অফিসের প্রশাসক পদে যিনি রয়েছেন তিনি তো আওয়ামী লীগ করতেন। আওয়ামী লীগের ডিসি ছিলেন। তিনি এখন তো আমাদের প্রশাসকের চেয়ারে রয়েছেন। এবং আরো গুরুত্বপূর্ণ পদ এমডি পদে যিনি রয়েছেন জামাতের লোক রয়েছে। আমরা কি তাদের ফ্যালাতে পারছি, না। কারন হচ্ছে এদের না হলে তো সব কার্যক্রম বন্ধ হয়ে থাকে, তাই কিছু বলার নেই আর। তবে এদের দ্বারা তো আমাদের সমস্যা হয়েই থাকে। তারপরও কি করার আছে। তবে বরিশাল কমিটিতে থাকা সভাপতি যিনি রয়েছেন কামাল হোসেন সিকদার তিনি আওয়ামী লীগ করলেও ব্যক্তি হিসেবে লোক কিন্তু ভালো।

এবিষয়ে জানতে জীবন বীমা জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির নেতা রতন মুঠো ফোনে একাধিক বার ফোন করা হলেও তিনি ফোনটি রিসিভ করেনি। তাই তার বক্তব্য দেওয়া সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন....