নলছিটিতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত অন্তত ২২

নভেম্বর ১৯ ২০২৬, ১৮:৪০

আমার বরিশাল ডেস্ক,

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত এবং অন্তত ২২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ও দুপুরে উপজেলার ষাটপাকিয়া ও দপদপিয়া এলাকায় এ দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত করা গেছে। তিনি ঝালকাঠি জেলার মরতুজা গাজীর ছেলে ফোরকান গাজী (৩৫)। অপর নিহত ব্যক্তি গ্রিনভিউ পরিবহনের হেলপার, তবে তাঁর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের নলছিটি উপজেলার দপদপিয়া এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঢাকা থেকে ছেড়ে আসা গ্রিনভিউ পরিবহন ও কুয়াকাটা থেকে ছেড়ে আসা আবদুল্লাহ পরিবহনের বাস দুটি বৈরী আবহাওয়ার কারণে সড়কের বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়ায় এবং সড়কের পাশে ছিটকে পড়ে। এতে গ্রিনভিউ পরিবহনের হেলপার গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় দুই বাসের চালক ও যাত্রীসহ অন্তত ২০ জন আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

এর আগে একই দিন সকাল সাড়ে ৯টার দিকে ঝালকাঠি-নলছিটি আঞ্চলিক মহাসড়কের ষাটপাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ট্রলিতে থাকা আরোহীরা ছিটকে পড়ে ঘটনাস্থলেই ফোরকান গাজীর মৃত্যু হয় এবং আরও দুজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করেন।

খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ পৃথক দুটি দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। বর্তমানে দুর্ঘটনাকবলিত সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং এসব ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

সংবাদটি শেয়ার করুন....