শিক্ষা বৃত্তি পেলেন শিশু পরিবারের দুই মেধাবী শিক্ষার্থী ॥ চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখছেন হারিছা

নভেম্বর ১৮ ২০২৬, ২১:১০

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক ॥  শিক্ষার আলোয় আলোকিত ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে বরিশালে মনোরমা বসু মাসীমা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) মনোরমা বসু মাসীমার ১৯৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ১২ জন মেধাবী শিক্ষার্থীর হাতে শিক্ষা বৃত্তির অর্থ তুলে দেওয়া হয়।

এবারের বৃত্তিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সরকারি শিশু পরিবার বালিকা (উত্তর)-এর দুই মেধাবী নিবাসী ফাতেমা আক্তার মনি ও মুন্নি আক্তার। তাদের প্রত্যেককে এক বছরের জন্য ১২ হাজার টাকা করে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।

ফাতেমা আক্তার মনি বর্তমানে একটি বেসরকারি নার্সিং কলেজে অধ্যয়নরত। অন্যদিকে মুন্নি আক্তার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে বর্তমানে মডেল কলেজে পড়াশোনা করছে। এনজিও ব্যক্তিত্ব আনোয়ার জাহিদের সহযোগিতায় তাদের দুজনের নাম ‘মনোরমা বসু মাসীমা শিক্ষা বৃত্তি’র আওতায় অন্তর্ভুক্ত করা হয়।

শুধু নতুন প্রজন্মের মেধাবী শিক্ষার্থীদের নয়, অসচ্ছল পরিবারের সন্তানদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণেও দীর্ঘদিন ধরে ভূমিকা রাখছে এই শিক্ষা বৃত্তি।

এরই উজ্জ্বল দৃষ্টান্ত বানারীপাড়ার এক রিকশাচালকের মেয়ে সাদিয়া আফরিন হারিছা। ২০২২ সালের ১০ নভেম্বর জাতীয় সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে তাকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছিল। সেই হারিছা আজ শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ, বরিশালের ফাইনাল ইয়ারের শিক্ষার্থী। দীর্ঘ পাঁচ বছর ধরে সে পেয়েছে ‘মনোরমা বসু মাসীমা শিক্ষা বৃত্তি’।

বুধবারের শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে নিজের জীবনের সংগ্রাম, স্বপ্ন ও এগিয়ে যাওয়ার গল্প তুলে ধরে হারিছা। একসময় আর্থিক সংকটের কারণে যার শিক্ষাজীবন অনিশ্চয়তার মুখে পড়ার আশঙ্কা ছিল, আজ সে চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে।

হারিছার প্রত্যাশা, একদিন মানবিক চিকিৎসক হয়ে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াবে।

শিক্ষাবৃত্তি শুধু আর্থিক সহায়তা নয়, বরং একজন শিক্ষার্থীর স্বপ্ন বাঁচিয়ে রাখার অনুপ্রেরণা। ফাতেমা, মুন্নি ও হারিছাদের মতো শিক্ষার্থীদের এগিয়ে চলার গল্প প্রমাণ করে, সামান্য সহযোগিতাও বদলে দিতে পারে জীবনের গতিপথ। তাদের স্বপ্নপূরণ হোক, আলোকিত ভবিষ্যতের পথে এগিয়ে যাক নতুন প্রজন্ম।

 

সংবাদটি শেয়ার করুন....